তাঁর জন্ম এলিফ্যান্ট রোডে। শৈশব-কৈশোর কেটেছে কলাবাগান ও ধানমন্ডিতে। নগরের বস্তিতে ঘোরা এনজিওকর্মী কিংবা ব্যস্ত রাস্তার পকেটমারের মতো নাগরিক নানা চরিত্রে একাত্ম হয়ে যান তিনি। পর্দায় সাবলীল সবার প্রিয় এই তারকা জয়া। তাঁর নাগরিক জীবন কেমন, এ শহরই-বা তাঁর কেমন লাগে—এসব অকপটে বলেছেন ‘ঢাকায় থাকি’তে।ঘোরাফেরাপুরান ঢাকার অলিগলিতে রিকশায় ঘুরতে ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু সেভাবে ঘুরতে বেরিয়ে পড়ি। কেউ বুঝতে পারে না, কারণ তাদের মাথায়ই থাকে না, আমি এভাবে ঘুরতে পারি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেও মজা পাই।কেনাকাটাশপিংয়ে আমি খুব একটা মজা পাই না। তবে একসময় গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে যেতাম, এটা আমি খুব মিস করি।খেতে যাইবাইরের খাবার খুব একটা খাই না। ঢাকাই খাবার আমার পছন্দ। বিশেষ করে, পুরান ঢাকার নান্নার বিরিয়ানি অসম্ভব প্রিয়, খেতে ইচ্ছে করলে আনিয়ে খাই।স্বাস্থ্যকুশলনিয়মিত জিম করার চেষ্টা করি। এ ছাড়া শীতকালে মাঝেমধ্যে ব্যাডমিন্টন খেলি। এটাকে অবশ্য খেলা না বলে খেলার অপচেষ্টা বলাই ভালো! ভালো খেলতে পারি না বলে বারবার হেরে যাই।বদলে যাকঢাকার আশপাশের শহর, উপশহরের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। সাভার, গাজীপুর ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর থেকে কম সময়ে ঢাকায় আসা-যাওয়া করতে পারলে আমি নিজেই ওই ধরনের কোনো একটা এলাকায় বসবাস করতাম।তরুণ কণ্ঠআমার চোখে কিন্তু এ শহরটা খুব সুন্দর। অনেকের কাছেই রাস্তার ওপর থাকা বৈদ্যুতিক তারকে জঞ্জাল মনে হয়। আমি কিন্তু এগুলোকে অন্যভাবে দেখি। তারে বসে যখন দুটো কাক রোমান্স করে, সেই দৃশ্য অসম্ভব ভালো লাগে। তাই সবকিছুর ভালো দিকটা দেখতে হবে, সেভাবেই ঢাকা শহরকে ভালোবাসতে হবে।রাতের ঢাকারাতের ঢাকার অসাধারণ একটা চেহারা আছে। শুটিং থেকে ফেরার পথে সেটা উপভোগ করি। তবে যখন দেখি, পথের ধারে হতদরিদ্র মানুষ ঘুমিয়ে আছে তখন মনে হয়, আমি গাড়িতে করে বাসায় ফিরছি; আমার একটা ঠিকানা আছে, আর ওরা ঠিকানাবিহীন। নাগরিক জীবনের এই বৈষম্য আমাকে পীড়া দেয়।