মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন বিবেচনাধীন: ওকাদা
জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা বলেছেন, মেট্রোরেল প্রকল্পটিতে অর্থায়ন বিবেচনাধীন আছে। এই প্রকল্পের খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে অর্থায়নের সিদ্ধান্তের বিষয়ে নতুন কোনো তথ্য নেই। দুই দিনের সফর শেষে আজ শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওকাদা এ কথা বলেন। দুপুর ১২টার দিকে তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গে ওকাদা বলেন, জাপান এই প্রকল্পে এককভাবে অর্থায়ন করে পারে না। কারণ, এ ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ আছে। তিনি এই মতবিরোধ মেটাতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ মেটাতে জাপান উদ্যোগ নেবে বলেও তিনি জানান।বাংলাদেশে জাপানের বিনিয়োগের ব্যাপারে প্রশ্নের জবাবে উপপ্রধানমন্ত্রী ওকাদা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুত্ সরবরাহে সরকারকে তাগিদ দেন। প্রয়োজনে এ ব্যাপারে জাপান সহায়তা করবে বলেও তিনি জানান। বাংলাদেশে চলমান দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলোকে ফলপ্রসূভাবে চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ওকাদা বলেন, এতে করে জাপানের করদাতাদের অর্থ বাংলাদেশের উন্নয়নে সর্বোচ্চভাবে ব্যবহার করা যাবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সমস্যা আছে। তবে সমস্যার সমাধান বাংলাদেশকে তার মতো করেই খুঁজে নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই প্রধান দলের মধ্যে বিরোধপূর্ণ অবস্থা বাংলাদেশে জাপানের বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব রাখছে কি না—এমন প্রশ্নের জবাবে ওকাদা সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের গণতন্ত্রের ঐতিহ্য আছে। জাপানের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় দেশ।