মেট্রোরেলের জন্য জাপান ২০০ কোটি ডলার ঋণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্পের জন্য জাপান ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এ লক্ষ্যে আগামী মার্চ মাসে জাপানের দাতা সংস্থা জাইকার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি সই হবে। এই প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।আজ রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাডোশিমা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা এ বিষয়ে আলোচনা করেন।বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের সাংবাদিকদের জানান, মেট্রোরেলের রুট চূড়ান্ত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে জাইকা প্রয়োজনীয় সব সহায়তা দেবে।বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর মেরামত এবং দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু নিয়ে আলোচনা হয়। মেট্রোরেলে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য মন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ দেন এবং এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে অনুরোধ করেন। তিনি ঝুঁকিপূর্ণ মেঘনা সেতুর মেরামত এবং দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চান।তথ্য কর্মকর্তা জানান, বৈঠকে জাপান সরকারের অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্প নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা। এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকাই জাইকার কাছ থেকে পাওয়া যাবে।প্রসঙ্গত, সরকার নগরের উত্তরা তৃতীয় প্রকল্প থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বাসস।