বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ওই পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে তাঁরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্তের অফিসের সামনে বিক্ষোভ করেন।দুর্নীতি-অনিয়মের কারণে আগেও একবার পরীক্ষা বাতিল হওয়ার পর গতকাল শুক্রবার পুনরায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ শনিবার তার ফল ঘোষণা করা হয়।অকৃতকার্য পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, মেডিকেল অফিসার পদের জন্য অনুষ্ঠিত আগের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল, তারা সরকার সমর্থিত চিকিত্সক পরিষদের সমর্থক ছিল। এ পরীক্ষায়ও চিকিত্সক পরিষদের সমর্থকদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।