মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। সরকারি একটি ছাপাখানা থেকে গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় গত মঙ্গলবার এক শ্রমিক ধরা পড়ার পর গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর এমবিবিএস-বিডিএস কোর্সে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের আশঙ্কা, প্রশ্ন ফাঁসের পেছনে কোচিং সেন্টার বা বড় কোনো চক্রের হাত রয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের নিচে একটি প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন শ্রমিক শাহেন শাহ ঠাকুর। ওই ছাপাখানায় দৈনিক মজুরির ভিত্তিতে তিনি কাজ করেন। সন্দেহ হলে প্রেসম্যান মো. সালাম তাঁর দেহ তল্লাশি করে প্রশ্নপত্র পান। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিকি ৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ এই অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেছেন। শাহেন শাহকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। ১০ সেপ্টেম্বর থেকে ওই ছাপাখানায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হয়।শাহ আবদুল লতিফ গতকাল প্রথম আলোকে জানান, মূলত এ (প্রশ্নসহ শ্রমিক ধরা পড়া) কারণেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি র‌্যাব ও পুলিশকে জানানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, শাহেন শাহকে বৃহস্পতিবার থেকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে, শাহেন শাহর অক্ষরজ্ঞান নেই।বড় চক্রের হাত থাকতে পারে: পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) লু ৎফুল কবীর জানান, শাহেন শাহর কাছ থেকে তথ্য বের করতে খুব কষ্ট হচ্ছে, তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, শাহেন শাহ একা নয়, তার পেছনে অবশ্যই কোনো চক্র রয়েছে।’এর পেছনে বড় কোনো চক্রের হাত রয়েছে, এ ধারণা স্বাস্থ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাদেরও। এ ঘটনা জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বরাবর লিখিত এক চিঠিতে অধিদপ্তরের পরিচালক শাহ আবদুল লতিফ উল্লেখ করেন, কুচক্রী মহল ও প্রতারকেরা বিভিন্ন কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন রকম সাজেশন দেওয়ার নামে অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন করছে। এটা স্বচ্ছ পরীক্ষাপদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এ (প্রশ্নপত্র উদ্ধার) ঘটনায় প্রমাণিত হয় যে কুচক্রী মহল নানা রকম অপচেষ্টায় লিপ্ত। তিনি স্বাস্থ্য অধিদপ্তরে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। এবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে ছয় হাজার ৬৯১টি আসনের বিপরীতে প্রায় ৫৪ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।