মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদকপ্রশ্নপত্র ফাঁসের গুজব ছাড়াই এবার দেশের সরকারি-বেসরকারি ৬১টি মেডিকেল কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দেশের ১৫ জেলার ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এবার প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষায় কাউকে বহিষ্কারের ঘটনা ঘটেনি। আগের বছরগুলোতে ভর্তি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁসের যে গুজব উঠত, এবার সে রকম কিছু হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৩১০টি এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে তিন হাজার ৩৫০টি আসন। এ বছর সব মিলে পাঁচ হাজার ৬৬০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ১২১ জন।অ্যাডহক চিকিত্সকেরা দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকি হচ্ছে: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নিয়োগ পাওয়া নতুন চিকিত্সকেরা তাঁদের কর্মস্থলে ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, তা কঠোরভাবে তদারক করা হচ্ছে। দায়িত্ব পালনে যাঁরা গাফিলতি করবেন, চাকরিবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হলে এসব চিকিত্সকের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না।মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঝামেলা কমানো এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম মান নিশ্চিত করতে এবার সব মেডিকেল কলেজে একই প্রশ্নের অধীনে পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী বছর থেকে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিত্সাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা হয়েছে। কোনো কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।