মেডিকেল কলেজে ভর্তিপ্রক্রিয়া হস্তান্তর প্রশ্নে রুল
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সংশ্লি¬ষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে হস্তান্তরের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সংশ্লিষ্ট সরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে বদলের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ এই রিট আবেদনটি করেন। আদালতে আবেদনকারী নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। পরে রাজিক আল জলিল প্রথম আলো ডটকমকে বলেন, জাতীয় শিক্ষানীতি, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ অনুসারে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস পরীক্ষার ভর্তিপ্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে হস্তান্তরের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। তবে এর ফলে ভর্তির কার্যক্রম বাধাগ্রস্ত হবে না।