পুলিশ বলছে, ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের ১৩৩ নম্বর কক্ষ একটা ককটেল তৈরির কারখানা। আর আশপাশের কক্ষের ছাত্ররা বলছেন, ওই কক্ষের বাসিন্দাদের সঙ্গে অন্যদের ভাব ছিল না। তাঁরা ছিলেন কিছুটা অস্বাভাবিক।গতকাল সোমবার বিকেলে ওই হলের দ্বিতীয় তলার ১৩৩ নম্বর কক্ষের ভেতরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ হয়। এরপর পুলিশ কক্ষ থেকে ককটেল তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। কক্ষটি ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খানের নামে বরাদ্দ, তবে তিনি কক্ষে নিয়মিত থাকতেন না। কক্ষে থাকতেন রাশেদুল ইসলাম খান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও তাঁর বন্ধুরা। শিক্ষার্থীদের কাছে কক্ষটি ছাত্রদলের কক্ষ হিসেবে পরিচিত ছিল।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনায় মাহমুদুলসহ ছাত্রদলের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের রাশেদুল ইসলাম খান, বিপ্লব, আতিকসহ আরও কয়েকজনকে মামলার আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, বিস্ফোরণের সময় রাশেদসহ কয়েকজন কক্ষের ভেতরেই ছিলেন। বিস্ফোরণের পর তাঁরা দরজায় তালা মেরে বেরিয়ে যান। বিকট শব্দে আশপাশের কক্ষ থেকে বের হয়ে আসা ছাত্ররা তাঁদের পালাতে দেখেছেন। তদন্ত কর্মকর্তা বলেন, ককটেল তৈরির সময় অসাবধানতাবশত তৈরি করে রাখা ১০ থেকে ১৫টি বোমা সেখানে বিস্ফোরিত হয়। সেগুলো কম শক্তির হওয়ায় এবং একটি স্কুলব্যাগের ভেতরে থাকায় কক্ষে থাকা লোকজনের বড় ধরনের ক্ষতি হয়নি। তাঁর দাবি, উদ্ধার করা উপকরণ দিয়ে কমপক্ষে ৯০টি ককটেল বানানো যেতো।খায়রুল বাশার আরও বলেন, কিছুদিন আগে ফজলে রাব্বী হলের পেছনের দিকে আলীয়া মাদ্রাসার সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন বাশার। এ সময় ফজলে রাব্বী হলের ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। সেই ককটেলের নমুনার সঙ্গে গতকাল সোমবার হল থেকে উদ্ধার করা ককটেল তৈরির সরঞ্জামের মিল রয়েছে। তাঁর ধারণা, ১৩৩ নম্বর কক্ষ থেকে তৈরি বোমাই তাঁর ওপর ছোড়া হয়েছিল।আশপাশের কক্ষের ছাত্ররা বলেন, হলের অন্যান্য কক্ষের বাসিন্দারা একে অপরকে চেনেন, কথা বলেন। কিন্তু ওই কক্ষের দরজা সব সময়ই ভেতর থেকে বন্ধ অথবা বাইরে থেকে তালাবদ্ধ থাকত। বাসিন্দারা চুপচাপ আসা-যাওয়া করতেন। কারও সঙ্গে তাঁদের বিশেষ সখ্য ছিল না।পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশীদ বলেন, ওই কক্ষটি ছিল ককটেলের কারখানা। লোকচক্ষুর আড়ালে অনেক দিন ধরেই সেখানে ককটেল বানানো হচ্ছিল। ঢাকা মেডিকেলের ছাত্রাবাস হওয়ায় কারও সন্দেহ হয়নি। পুরান ঢাকায় সম্প্রতি নাশকতায় বিস্ফোরিত ককটেলগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময়ে বিস্ফোরিত ককটেলের নমুনার সঙ্গে এখান থেকে উদ্ধার করা সরঞ্জামের মিল রয়েছে।