মেডিকেল ছাত্রের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী দোষ ছিল আমার? কেন আমার ওপর এ নির্মম আঘাত হানল? আমি এখন কীভাবে লিখব?’এসব প্রশ্ন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ওই কলেজেরই শিক্ষার্থী মোহসিন হোসেনের। মোহসিন হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাউনিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। তিনি এনাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। মোহসিনের বড় ভাই মাসুদ রানা জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর ভাই বাড়ি থেকে কলেজ হোস্টেলে যাচ্ছিল। রাত আটটার দিকে সে ধামরাই বাজার থেকে রিকশাযোগে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলীভিটা বাসস্ট্যান্ডে যাওয়ার সময় একটি আবাসন প্রকল্পের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে। এরপর তারা মোহসিনকে জোর করে রিকশা থেকে নামিয়ে ওই আবাসন প্রকল্পের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা মোহসিনের চোখ ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলসহ দুটি আঙুল কেটে ফেলে। এরপর তারা তার কাছে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায়। তার আর্তচিত্কারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’মোহসিন জানান, ‘যুবকেরা আমাকে আবাসন প্রকল্পের ভেতরে নিয়ে গিয়ে চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের একজন উচ্চস্বরে বলতে থাকে, “ওর হাত কেটে দে।” তার কথামতো আরেক যুবক ধারালো অস্ত্র দিয়ে আমার আঙুল কেটে ফেলে।’ মোহসিন আরও বলেন, ‘আমার সঙ্গে কারও এমন শত্রুতা নেই যে তারা আমার এত বড় সর্বনাশ করতে পারে। আমার শারীরিক যন্ত্রণা থেকেও বড় চিন্তা, ওই হাত দিয়ে আবার আগের মতো লিখত পারব কি না।’মোহসিনের আরেক ভাই মাহাবুব হোসেন জানান, তাঁর ভাই একজন মেধাবী ছাত্র। এলাকায় তাঁর কোনো শত্রু নেই। আর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর সবে ক্লাস শুরু হয়েছে, তাই সেখানেও তাঁর কোনো শত্রু থাকার কথা নয়। তবে ঘটনাটি যে আক্রোশমূলক, তাতে সন্দেহ নেই।মাহাবুব হোসেন জানান, ‘ঘটনার পর মোহসিন মানসিকভাবে ভেঙে পড়েছে। সে স্বাভাবিকভাবে কিছু বলতে পারছে না। তাই আজ শনিবার ধামরাই থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন। মোহসিন সুস্থ হলে তার কাছে বিস্তারিত জেনে মামলা করবেন।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি নিছক ছিনতাইয়ের ঘটনা বলে উড়িয়ে দেওয়ার মতো নয়। ছিনতাইকারীরা আঙুল কেটে নেবে কেন? ছিনতাইয়ে বাধা দিলে তারা ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে শরীরের অন্য কোথাও আঘাত করতে পারত। ওসি বলেন, ‘আমাদের ধারণা, শত্রুতাবশত পরিকল্পিতভাবে কেউ তাঁর আঙুল কেটে নিয়েছে, যাতে তাঁর পড়ালেখা বন্ধ হয়ে যায়।’