মেডিকেল ভর্তি-ইচ্ছুকদের সমাবেশে পুলিশি বাধা, আটক ৮
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে আট শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।আটক শিক্ষার্থীরা হলেন: রাফাত, জাহিদ, নিবিড়, সাদি, তুষার, তারেক, শিহাব ও রুবেল।আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্ত অন্তত ২০১৬ সাল পর্যন্ত স্থগিত রাখার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। তাঁরা সকাল সোয়া নয়টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সাড়ে নয়টার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাঁদের কাছ থেকে ব্যানার ও স্মারকলিপি কেড়ে নেয় এবং পাঁচ শিক্ষার্থীকে আটক করে। পরে ১০টার দিকে আরও তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়ে সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে তখনই আন্দোলনে নামেন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা।