মেডিকেলে এবার পরীক্ষার মাধ্যমেই ভর্তির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে এ বছর পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সম্ভাবনা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। মন্ত্রণালয়সহ একাধিক সূত্র জানিয়েছে, আজ রোববার একটি সমঝোতা বৈঠক শেষে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত জানাবেন মন্ত্রী।মেডিকেলে ভর্তি নিয়ে চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আলোচনায় বসছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সকাল সাড়ে নয়টায় মন্ত্রণালয়ে এই বৈঠক হওয়ার কথা। এখান থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। গতকাল রাতে সাংবাদিকদের ফোন করে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভর্তি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মন্ত্রণালয় আদালতের নির্দেশের অপেক্ষায় আছে। এ নিয়ে রিট মামলা প্রত্যাহার হলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে আগামী বছর থেকে আর পরীক্ষাপদ্ধতি থাকবে না।এর আগে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সৃষ্ট জট খুলতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই জট খোলার উদ্যোগ নেওয়া হবে।’ মন্ত্রী আভাস দেন, এ বিষয়ে আদালতে থাকা রিট প্রত্যাহার হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, ‘আদালতে বিভক্ত আদেশ দেওয়ার পর আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, পক্ষে সিদ্ধান্ত দিলেও বিপদ, বিপক্ষে দিলেও বিপদ।’ রিট প্রত্যাহার করা হলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। তবে মন্ত্রী গতকাল বলেছেন, এটি সিদ্ধান্ত নয়, প্রস্তাব। সরকারের এ সিদ্ধান্তে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাংশ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে। আবার সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীদের আরেক অংশ।ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করছি।’ এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। অনুষ্ঠানে বক্তৃতা করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। নাগরিক সমাবেশ: এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষার বিষয়ে সুস্পষ্ট ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার ‘মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ এ সমাবেশের আয়োজন করে।ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী একতরফাভাবে তাঁদের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক হাজার হাজার শিক্ষার্থীর জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে।প্রকৌশলী ম. এনামুল হক বলেন, ১২টি ক্যাটাগরিতে ভাগ করে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো, তাঁরা পেছন থেকে টাকা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাবেন। তিনি বলেন, ‘কোনো আলোচনা নয়, আমাদের দাবি মেনে নিতে হবে।’ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ২০১৫ সালের আগে জিপিএ পদ্ধতিতে ভর্তি নেওয়া ঠিক হবে না। বর্তমানে যারা এসএসসিতে আছে, তাদের দিয়ে এ কার্যক্রম শুরু করা যেতে পারে।