মেডিকেলে ভর্তি, শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক কাল
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে কাল রোববার বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এ সিদ্ধান্তে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীদের একাংশ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটও করা হয়েছে।ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবারও তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ করেছেন।এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জট খুলতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান। সেখানে মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব এই জট খোলার উদ্যোগ নেব।’ স্বাস্থ্যমন্ত্রী আভাস দেন, এ বিষয়ে আদালতে থাকা রিট প্রত্যাহার করে আলোচনায় বসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষেই ইতিবাচক সিদ্ধান্ত আসবে।