মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলন, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির দাবিতে চট্টগ্রামের আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে গেলে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে শিক্ষার্থীরা শহীদ মিনারের কাছে তমিজ মার্কেটের দোতলায় আশ্রয় নিয়ে বিক্ষোভ করছেন। এদিকে পুলিশ শহীদ মিনারের আশপাশের দোকান থেকে পাঁচজনকে আটক করেছে।আটক হওয়া পাঁচজন হলেন জালাল আহমেদ, আবু সাদেক, সাফতা আলী, মো. রিজভী ও মো. বাঁধন।নাম না প্রকাশ করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের গতকালের আন্দোলনের ভিডিও ফুটেজে দেখা যায়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী নন এমন অনেকে আন্দোলনে অংশ নিয়েছেন। তাই তাঁদের আটক করতে আজ পুলিশ অভিযান চালায়। আটক শিক্ষার্থীদের মধ্যে ইউজিসি কোচিং সেন্টারের শিক্ষক, চট্টগ্রাম মেডিকেল কলেজের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তাঁরা শহীদ মিনারের কাছে তমিজ মার্কেটের দোতলায় আশ্রয় নিয়ে বিক্ষোভ করছেন। দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন প্রতিহত করা যাবে না উল্লেখ করে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, বিভিন্ন কোচিং সেন্টারের ইন্ধনে শিক্ষার্থীরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। তাই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।