মেডিকেলে ভর্তি পরীক্ষা আয়োজনে আশাবাদী হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে তাঁরা ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রী তাঁদের পরীক্ষায় বসার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মো. তৌহিদুজ্জামানের মৃত্যুর ঘটনা সম্পর্কে হানিফ বলেন, ‘দুর্ঘটনা ঘটতেই পারে। কারণ, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের আচরণ জাতি আশা করে না।’ নির্বিচারে গাড়ি ভাঙচুর না করে সংযমের পরিচয় দিতে শিক্ষার্থীদের প্রতি তিনি অনুরোধ জানান। দেশের সার্বিক আইনশৃঙ্খলা সম্পর্কে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পৃথিবীর উন্নত যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তাদের এটা প্রমাণ করে দিতে পারব। আমাদের দেশে একসঙ্গে ৭০ জনকে হত্যার নজির নেই। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে। এটা আমাদের মতো দরিদ্র দেশে হতে পারে।’ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বর্তমান সভাপতি এ এইচ এম বদিউজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ।