মেডিকেলে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন-সম্পর্কিত সভায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আবেদনের জন্য ওই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।আজ সকালে শতাধিক শিক্ষার্থী ফার্মগেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১১টার দিকে সার্ক ফোয়ারার সামনে জড়ো হন। এ সময় তাঁদের হাতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল।অন্যদিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী সকাল ১০টার দিকে শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে তিন শতাধিক শিক্ষার্থী একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসনসংখ্যা দুই হাজার ৮১২টি ও বিডিএস কোর্সে ৫৭৮টি। বেসরকারি কলেজগুলোতে এই সংখ্যা যথাক্রমে চার হাজার ২৭৫টি ও ৮৫০টি। এদিকে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বিকেল থেকেই প্রচারণা শুরু করেছে কোচিং সেন্টারগুলো। তারা ছাত্রছাত্রীদের কাছে মুঠোফোনে খুদেবার্তা পাঠায় এবং বিভিন্নভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কথা বলে।এবার আটটি সাধারণ বোর্ডে মোট সাত লাখ ৪২ হাজার ৪৪৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ লাখ ৬৭ হাজার ৯৪০ জন। আট বোর্ডে বিজ্ঞান শাখায় পাসের হার ৭৮ দশমিক ৩৮ শতাংশ, মানবিকে ৭০ দশমিক ৭৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৪ দশমিক ১৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৫১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী।ঢাকা বোর্ডের অধীন বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬৯ জন। পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন।