মেডিকেলে ভর্তির নির্দেশনা নিয়ে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে করা আবেদনে হাইকোর্ট বিভক্ত আদেশ দিয়েছেন। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ বিভক্ত আদেশ হয়। জ্যেষ্ঠ বিচারপতি আবেদনটি মঞ্জুর করেছেন, তবে অপর বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। আইনজীবীরা জানিয়েছেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, হাইকোর্টের অবকাশকালে আদেশের ওপর শুনানি হতে পারে।ইউনুস আলী আকন্দের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারী পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। সম্পূরক এ আবেদনে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০-এর ২৩ অধ্যায়ের ১ নম্বর ধারা অনুযায়ী, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ শিক্ষানীতির ১০ নম্বর অধ্যায়ের ১ নম্বর ধারায় বলা আছে, ‘মেডিকেল কলেজে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক শেষে ভর্তি পরীক্ষা নেওয়া অব্যাহত থাকবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রার্থী দুই বছরের বেশি সময় পাবেন না।’