মেডিকেলের ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ২০ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ২০ জনের বিরুদ্ধে মামলা করা হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে র‌্যাব-২ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল এ কথা বলেছেন। এম সোহায়েল বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা হবে, তাঁরা সবাই ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে চিকিত্সক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রলীগের নেতা ও ব্যাংকের কর্মকর্তা আছেন। তাঁদের কাছ থেকে আট লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার লোভ দেখিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ৬০ জনকে আটক করা হয়। রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন। আজ ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়।আজ সংবাদ সম্মেলনে এম সোহায়েল আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষার্থীদের কাছ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ নিয়ে রেখেছিল। তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে দুই লাখ টাকা অগ্রিম নেন। চুক্তি ছিল, পরীক্ষার পরে বাকি আট লাখ টাকা নেবেন। টাকা নেওয়ার পর শিক্ষার্থীদের সনদ ফেরত দেওয়া হবে। রাজধানীর খিলগাঁওয়ের একটি কোচিং সেন্টার এ ঘটনায় জড়িত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, র‌্যাব-২ এর পরিচালক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গতকাল র‌্যাব ৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এনএসআই, ডিজিএফআই ও র্যাবের সদস্যরা এ অভিযানে অংশ নেন। র‌্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা প্রশ্নপত্রের সঙ্গে আজ অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। তবে এই চক্রটি রাতভর পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বিভ্রান্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।