সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরেবাংলা নগর, ঢাকাসমস্যা: চার মাস ধরে আমার মাঝেমধ্যেই জ্বর অনুভূত হয়। গা ম্যাজম্যাজ করে ও দুর্বল লাগে। জ্বর কখনো কখনো ১০১ ফা. পর্যন্ত ওঠে, কখনো ১০০-এর নিচেই থাকে। আমার কাশি বা অন্য উপসর্গ নেই। জ্বর দু-এক দিন পরে এমনিতেই সেরে যায়। আমার কি কোনো জটিল রোগ হয়েছে? আমার বয়স ৩৯ বছর।শফিউলযশোরপরামর্শ: দীর্ঘকালীন স্বল্পমাত্রার জ্বরে আক্রান্ত হলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিকভাবে থার্মোমিটারের মাধ্যমে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা তাপমাত্রা নির্ণয় করা। তাপমাত্রা ১০০ ফা. বা তার ওপর না উঠলে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। বাংলাদেশে যেসব রোগে দীর্ঘকালীন স্বল্পমাত্রার জ্বর হয়, তার মধ্যে প্রস্রাবের সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ, যক্ষ্মা, টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর ইত্যাদি অন্যতম। এ ছাড়া বাতরোগ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি দূরবর্তী সম্ভাবনাও রয়েছে। যেহেতু জ্বর ব্যতীত আপনার অন্য কোনো উপসর্গ নেই, তাই এ ধরনের রোগ হওয়ার আশঙ্কা কম মনে হচ্ছে। তাপমাত্রা সঠিকভাবে নিশ্চিত হয়ে রক্ত ও প্রস্রাবের কিছু রুটিন পরীক্ষা এবং বুকের একটি এক্স-রেসহ অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।সমস্যা: আমি দীর্ঘদিন ধরে বদহজমের সমস্যায় ভুগছি। ইদানীং কিছুই হজম হয় না। সামান্য অনিয়মে পেট ব্যথা করে, পাতলা পায়খানা হয় এবং পেট ফেঁপে থাকে। এ সমস্যার জন্য অনেক পরীক্ষা, এমনকি অ্যান্ডোসকপিও করেছি। কোনো সমস্যা ধরা পড়েনি। বর্তমানে খাবারের প্রতি ভীতি কাজ করছে। আমি কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: লক্ষণ শুনে ধারণা হচ্ছে, আপনি ইরিটেবল বাউয়েল সিনড্রোমে ভুগছেন। এটি কোনো জটিল প্রাণঘাতী রোগ নয়। এ রোগে খাদ্যনালির সংকোচন প্রসারণ ও পাচনপ্রক্রিয়া ব্যাহত হয়। ফলে খেলে পেট ফেঁপে ওঠা, পেটে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য কিংবা উভয়ই দেখা দেয়। পরীক্ষা করে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় না। দুধ বা শাকজাতীয় খাবার পরিহার করে উপকার পাওয়া যেতে পারে। মানসিক দুশ্চিন্তা এ রোগের বৃদ্ধি ঘটায়। অযথা এ নিয়ে দুশ্চিন্তা না করে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পেছনে অর্থ অপচয় না করে একজন অভিজ্ঞ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিন।