মেধা ও শিক্ষা কাজে লাগিয়ে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
আরাফাত রুবেল চারুকলায় ভর্তি হওয়ার পর এক আত্মীয় তাঁকে বলেছিলেন, চারুকলায় পড়ে কী হবে। চাকরি পাওয়া যাবে না। পেটের ভাত হবে না। এ কথায় সেদিন তাঁর মধ্যে প্রচণ্ড জিদ জন্ম নেয়। পড়াশোনা শেষ করে তিনি এক দিনও চাকরি খোঁজেননি। নিজের মেধা আর শিক্ষা কাজে লাগিয়ে নিজেই গড়ে তুলেছেন আসবাব তৈরির একটি প্রতিষ্ঠান। সেখানে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। প্রত্যয়ী তরুণ উদ্যোক্তা আরাফাতের এই গল্প শুনতে শুনতে রাজশাহী আঞ্চলিক গণিত উৎসবের সহস্রাধিক শিক্ষার্থীর চোখে-মুখেও ফুটে ওঠে দৃঢ় প্রত্যয়ের রেখা।তীব্র শীত উপেক্ষা করে গতকাল শুক্রবার সকালে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৫২ জন শিক্ষার্থী জড়ো হয় রাজশাহী কলেজিয়েট স্কুলমাঠে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর রাজশাহী অঞ্চলের এ আসরে এই প্রথম এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির, জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা নূর জাহান বেগম।প্রাথমিক আনুষ্ঠানিকতার পর শুরু হয় এক ঘণ্টার লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে শুরু হয় রাজশাহী বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। এতে বন্ধুসভার বন্ধু সুলতানা ইশরাত জাহান গিয়াসী রচিত নাটক সংখ্যা বিড়ম্বনা, খুদে শিল্পী তুর্ণা ও স্বর্ণার নাচ, অনিন্দিতা ও শায়ন্তনের নাটিকা এবং প্রীতি ও তালহার আবৃত্তি ছিল উপভোগ্য।এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। খুদে শিক্ষার্থীরা মজার মজার প্রশ্ন আর গণিতবিদদের দেওয়া গল্পে গল্পে উত্তরে এ পর্বটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে। উপস্থাপনার সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান যখন বলছিলেন মুখস্থকে ‘না’ বলতে হবে, তখন একজন শিক্ষার্থী প্রশ্ন করে বসেন, তাহলে রবীন্দ্রনাথের কবিতা পরীক্ষায় লিখব কী করে? মুনির হাসান সংশোধন করে বলেন, না বুঝে মুখস্থ করা যাবে না। তাঁর সঙ্গে শিক্ষার্থীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন গণিতবিদ লুৎফুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক, ফলিত গণিত বিভাগের সভাপতি শামসুল আলম সরকার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ইকবাল মতিন।অধ্যাপক কায়কোবাদ একটি গণিতের ধাঁধা দিয়ে এ পর্বের শুরু করেন। তাঁর ধাঁধাটির উত্তর শিক্ষার্থীরা দিতে পারেনি। তিনি বলেন, ঢাকায় যাওয়ার পর তোমাদের আরও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। ইকবাল মতিন বলেন, গণিত নিয়ে অহেতুক জুজুর ভয়কে জয় করে এই শিক্ষার্থীরা গণিত বিষয়ে নানা প্রশ্ন নিয়ে এগিয়ে আসছে। এটা খুশির ব্যাপার।ফলাফল ঘোষণার আগে বন্ধুসভার বন্ধুরা ‘উই শ্যাল ওভারকাম’ গানটি গেয়ে শোনান। ফলাফল পর্বে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলে মোট ৬০ জন প্রতিযোগী ঢাকা উৎসবের জন্য মনোনীত হয়।উৎসব আয়োজনে সহযোগিতা করে রাজশাহী বন্ধুসভা। পরিচালনা করেন রাজশাহী বন্ধুসভার বন্ধু মনিরা রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।