মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসতে হবে
মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তরুণ ও মেধাবী ছাত্রছাত্রীরা রাজনীতিতে না এলে একসময় রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। এ জন্য ভালো ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসতে হবে।আজ বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোশারফ হোসেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, অভিভাবক প্রতিনিধি নাসরিন আক্তার প্রমুখ বক্তৃতা করেন।মন্ত্রিত্বের প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এটি সত্য যে এই সময়ে যানজট নিরসনে আমি কোনো সাফল্য দেখাতে পারিনি। তবে এ সমস্যা নিরসনে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যানজট নিরসনে মার্চের মধ্যে বিআরটিসির ১০০ বাস ঢাকা মহানগরীর স্কুলগুলোর শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের জন্য কান্না। এ জন্য আমাদের সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে।’ অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে।এর আগে মন্ত্রী জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে কলেজের ছাত্রছাত্রীরা প্রধান অতিথিসহ সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।