মেধাবী তিন শিশু সবার মুখ উজ্জ্বল করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু লিখনের বাবা নেই, মা রোজিনা খাতুন অন্যত্র বিয়ে করেছেন। দাদী নূরজাহান বেগমের কাছে বেড়ে উঠছে সে। তারই সহপাঠী রুশিয়া খাতুনের মা সালেহা বেগম তালাকপ্রাপ্তা। অন্যের ধানের চাতালে বাস করে তারা। আর শিশু সাকিল আহম্মেদের বাবা আহাদ আলী ভ্যান চালিয়ে সংসার চালান। এই তিন হতদরিদ্র শিশু অত্যন্ত মেধাবী। পড়ালেখার সামান্য সুযোগ থেকে বঞ্চিত হয়েও এবার ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে তাদের পরিবারের করুণ সব কাহিনী। শিশু লিখন হাসানের পালনকর্তা দাদি নূরজাহান বেগম জানান, তাঁর ছেলে মনজেল হোসেন সেলুনে কাজ করতেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর লিখনের মা রোজিনা খাতুন অন্যত্র বিয়ে করে চলে যান। সেই থেকে তিনি একমাত্র নাতিকে সঙ্গে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করছেন, আর পরের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এই কষ্টের মধ্যেও নাতিকে পড়ালেখা করাচ্ছেন। এবার পরীক্ষায় ভালো ফল করেছে শুনে তিনি খুবই খুশি।আরেক শিশু রুশিয়া খাতুনের বাবা রেজাউল ইসলাম তার মা সালেহা খাতুনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। মেয়ে রুশিয়া আর ছেলে সোহাগকে নিয়ে তিনি (মা) থাকেন বিষয়খালী বাজারের সোহেল আহম্মেদের ধানের চাতালে। সালেহা জানান, এখানে কাজ করে প্রতিদিন ৩০-৪০ টাকা আয় হয়। তাই দিয়ে চলে সংসার। তাঁর একটাই কথা, কষ্ট হলেও মেয়েকে পড়াবেন তিনি। শিশু সাকিল আহম্মেদ জানায়, বাবা আহাদ আলী ভ্যান চালিয়ে দিনে যে ৭০-৮০ টাক আয় করেন, তা দিয়ে সংসার চলে তাদের। চার শতক জমির ওপর তাদের খড়ের ঘর। অভাবের সংসার, তাই তার প্রাইভেট পড়া সম্ভব হয়নি। এর পরও সে ভালো ফল করেছে।বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতু বলেন, এরা কেউ প্রাইভেট পড়ার সুযোগ পায়নি। স্কুলের পক্ষ থেকে পরীক্ষার আগে কোচিং করানো হয়। এরা সবাই হতদরিদ্র। শত কষ্টের মধ্যেও তাদের এই ফল স্কুলের মান বাড়িয়েছে। স্কুল থেকে এবার ৩৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে ছয়জন বৃত্তি পেয়েছে।