মেধাবীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেন, ‘মেধার স্বীকৃতি দিতে হবে। ডাচ্-বাংলা ব্যাংকের এই উদ্যোগকে উত্সাহিত করতে হবে। তারা শিক্ষা বৃত্তির জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা উদ্বুদ্ধ করতে হবে।’ চলতি বছর ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য ১৭ হাজার আবেদন পড়েছিল। এর মধ্য থেকে তিন হাজার জনকে বৃত্তি দেওয়া হয়। তবে বাকি শিক্ষার্থীরা যেন বৃত্তিবঞ্চিত না হয়, সে জন্য অন্যান্য আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ব্যাংকগুলো যদি সামাজিক সেবামূলক খাতে ব্যয় বাড়ায়, সে ক্ষেত্রে ব্যাংকগুলোর কর রেয়াত বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান। ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালের পর থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে তারা। এর জন্য ব্যাংকটির ১০২ কোটি টাকা ব্যয় হবে।ব্যাংকটি আরও জানিয়েছে, তারা ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছয় হাজার ৯১৫ জন শিক্ষার্থীকে ১৯ কোটি টাকার বৃত্তি দিয়েছে। এর মধ্যে চলতি বছর তিন হাজার জনকে বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের অধিকাংশই গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী। এদের মধ্যে ৫০ ভাগ ছাত্রী।আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।