মেধাবীরা না এলে রাজনীতি খারাপের হাতে চলে যাবে
যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী ও ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। তা না হলে রাজনীতি খারাপ মানুষের হাতে চলে যাবে। চরিত্রহীন, অসৎ লোকেরা সাংসদ হবে। দেশের বারোটা বাজবে। রাজনীতিকে শুদ্ধ করতে হলে সত্ মানুষদের রাজনীতিতে আসতে হবে।আজ শনিবার সকালে খুলনার নগর ভবনে ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সহিংসতার রাজনীতি এবং বিষময় রাজনীতি পরিহার করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। ভালোবাসা দিয়ে হিংসা দূর করতে হবে। জীবনে সাফল্য পেতে সংকল্প গ্রহণ করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা মহানগরের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ৫৫৪ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।