মেধার বিকাশ ও চর্চায় সরকার সবকিছু করবে: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দেশের সেরা মেধাবী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়ে বলেছেন, তাঁর সরকার মেধার বিকাশ ও চর্চার সুযোগ সৃষ্টি করতে যা কিছু প্রয়োজন, তা করবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।নিজেদের আগামী দিনের নেতা হিসেবে হিসেবে গড়ে তুলতে আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা হচ্ছে এমন এক সম্পদ যা কেউ হাইজ্যাক বা অপহরণ করতে পারে না। তিনি জাতীয় পর্যায়ে বছরের সেরা ১২ জন মেধাবীকে পুরস্কার প্রদানের এ অনুষ্ঠানে আরও বলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পেছনে থাকতে চাই না। আমরা দেশকে অশিক্ষা ও ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বসভায় মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই।’শেখ হাসিনা মেধার বিকাশে অধিকতর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এ দেশের সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে জানি। তবু সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে মেধার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।পুরস্কার বিজয়ীদের মধ্যে ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী হুমারা আদিবা এবং রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ভুবন দে অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়।দেশব্যাপী ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ—এই তিন ক্যাটাগরিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩-তে এক লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষামন্ত্রী গত ১১ মার্চ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ৯৬ শিক্ষার্থীর মধ্য থেকে ১৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চার বিষয়ের ওপর ১২ মেধাবী চূড়ান্ত করা হয়। বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ স্টাডিজ, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান ও গণিত এবং কম্পিউটার।প্রধানমন্ত্রী অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, একটি মেডেল ও সনদপত্র তুলে দেন। এতে বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮৪ শিক্ষার্থীকেও পদক ও সদনপত্র দেওয়া হয়। বাসস।