মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
মেধার বিকাশে সর্বাত্মক সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার মেধার বিকাশ ও চর্চার সুযোগ সৃষ্টি করতে যা কিছু প্রয়োজন, তা করবে। গতকাল মঙ্গলবার জাতীয় পর্যায়ে বছরের সেরা ১২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।সেরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশকে অশিক্ষা ও ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বসভায় সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। শেখ হাসিনা মেধার বিকাশে আরও উদ্যোগ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এ দেশের সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে জানি। তবু সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে মেধার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’পুরস্কার বিজয়ীদের মধ্যে ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী হুমায়রা আদিবা এবং রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ভুবন দে অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়।দেশব্যাপী ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণী—এই তিন ক্যাটাগরিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩-তে এক লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষামন্ত্রী ১১ মার্চ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ৯৬ শিক্ষার্থীর মধ্য থেকে ১৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চার বিষয়ের ওপর ১২ জন মেধাবীকে চূড়ান্ত করা হয়। বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ স্টাডিজ, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান ও গণিত এবং কম্পিউটার।প্রধানমন্ত্রী অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, একটি মেডেল ও সনদ তুলে দেন। এতে বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮৪ শিক্ষার্থীকেও পদক ও সনদ দেওয়া হয়।‘আর্থসামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অনস্বীকার্য’: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অনস্বীকার্য।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ৫৩টি নৌপথের নাব্যতা পুনরুদ্ধার, নদী দখল ও দূষণমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ নদ-নদীর পানির প্রবাহ, পানি ধারণক্ষমতা বৃদ্ধি করাসহ এ খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।