মেধাসম্পদের সুরক্ষায় আইন হচ্ছে
মেধাসম্পদের সুরক্ষায় আইন করতে যাচ্ছে সরকার। এ জন্য আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘ভৌগোলিক নির্দেশক আইন ২০১৩’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান। মোশাররাফ হোসাইন বলেন, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই, ঢাকার জামদানি, মুক্তাগাছার মন্ডা, পোড়াবাড়ির চমচম, চিনিগুঁড়া চাল, পদ্মার ইলিশ ভৌগোলিকভাবে বাংলাদেশের সম্পদ। এগুলো সুরক্ষার জন্য এই আইন প্রণীত হচ্ছে। মেধাস্বত্ব-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়েছে; বাংলাদেশ এতে অনুস্বাক্ষর করেছে। এখন নির্দিষ্ট স্থানের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের প্রতীক দেওয়া হচ্ছে। এটাও এক ধরনের কপি রাইটের মতো।প্রস্তাবিত আইনের মাধ্যমে মেধাসম্পদগুলোর স্বীকৃতি পেতে নিবন্ধন ও ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন বা সরকারি প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। কোনো আপত্তি থাকলে তা শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। রেজিস্ট্রারের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে। সচিব বলেন, এই আইন কার্যকর হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর সুনাম রক্ষা করা সম্ভব হবে। কারণ, ব্যবসার ক্ষেত্রে এই সুনাম খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রিপরিষদের সচিব আরও জানান, আজকের সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০০১ সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন করিয়ে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। কেউ প্রতিবন্ধীর প্রতি বৈষম্য করলে এবং এ জন্য ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা যাবে। প্রতিবন্ধী নয়, এমন কেউ জালিয়াতি করে পরিচয়পত্র নিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী জাতীয় পর্যায়ে সমাজকল্যাণমন্ত্রীর নেতৃত্বে একটি সমন্বয় কমিটি থাকবে। এ ছাড়া সমাজকল্যাণসচিবের নেতৃত্বে একটি নির্বাহী কমিটি এবং জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন পরিষদেও কমিটি থাকবে।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন ২০১৩’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।সচিব জানান, সৌদি আরবে যাঁরা আকামা সমস্যায় আছেন, তাঁদের নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে। এ ছাড়া সৌদিতে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে ৫০ হাজার জনের পাসপোর্ট নবায়ন করা হয়েছে, ৭১ হাজার জনকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি আরব সফর শেষে মন্ত্রিসভাকে এ তথ্য জানিয়েছেন।