ভারী শিল্প প্রতিষ্ঠাসহ শিল্পোৎপাদনে কারিগরি সহায়তার পাশাপাশি বাংলাদেশকে মেধাস্বত্ব অধিকার আইনের (আইপিআর) সুযোগ দিতে রাজি হয়েছে বেলারুশ। একই সঙ্গে বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের তহবিল জোগাতে একটি যৌথ বিনিয়োগের লিজিং প্রতিষ্ঠান গঠনেও রাজি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রটি। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান বেলারুশের সফররত প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ। সকালে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আধঘণ্টা একান্তে কথা বলেন। পরে এক ঘণ্টার আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে আলাদা চারটি সমঝোতা চুক্তি সই করা হয়।বৈঠকে উপস্থিত বাংলাদেশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফরে ১২টি চুক্তি ও এমওইউ সই হওয়ায় দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ বৈঠকে বলেন, এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক যেমন আইনি ভিত্তি পেয়েছে, তেমনি ভবিষ্যতে এ সম্পর্ক সুদৃঢ় হওয়ার পথ সুগম হয়েছে। তিন দিনের সফরে গত রোববার দুপুরে ঢাকায় এসেছেন মিখাইল মিয়াসনিকোভিচ। আজ মঙ্গলবার বিকেলে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।বিনিয়োগের পাশাপাশি আইপিআরের সুযোগ: বৈঠকের একটি সূত্র জানায়, বাংলাদেশের বিভিন্ন খাতে বেলারুশের আগ্রহের কথা প্রকাশ করেন মিখাইল মিয়াসনিকোভিচ। তিনি বলেন, বাংলাদেশের যেকোনো ধরনের যৌথ বিনিয়োগ ও যৌথ উৎপাদনে বেলারুশ রাজি আছে।মিখাইল মিয়াসনিকোভিচ বৈঠকে বলেন, বাংলাদেশের কারিগরি ও শিল্পোৎপাদনে সহায়তার লক্ষ্যে বেলারুশ শুধু কারিগরি সহায়তাই নয়, মেধাস্বত্ব অধিকার আইনের সুবিধা দিতে তৈরি আছে। সরকারি বা বেসরকারি খাতে শিল্পপ্রতিষ্ঠান গড়ার তহবিল জোগাতে যৌথ বিনিয়োগের একটি লিজিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পশ্চিমের কোনো দেশ যখন এ ধরনের কোনো সহায়তা দেয় না, সে ক্ষেত্রে বেলারুশের মেধাস্বত্ব অধিকার আইনের সুবিধা পাওয়াটি একটি বিরাট সুযোগ। কারণ, এর মাধ্যমে বাংলাদেশ কারিগরি সুবিধা পাবে। বাংলাদেশ জ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুফল পাবে, যা দিয়ে জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার পথ সুগম হবে।কারিগরি ও জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ: বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ট্রাক্টর সংযোজন কারখানা প্রতিষ্ঠায় রাজি হওয়ায় বেলারুশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে বাংলাদেশে একটি গাড়ি সংযোজন কারখানার পাশাপাশি ভারী শিল্পকারখানা প্রতিষ্ঠার প্রস্তাবকে তিনি স্বাগত জানান। শেখ হাসিনা বলেন, জ্বালানি উৎপাদনে বাংলাদেশের সমস্যা রয়েছে। তাই বাংলাদেশের জ্বালানি উৎপাদনে সামর্থ্য বাড়াতে বেলারুশের যেকোনো ধরনের প্রস্তাবকে স্বাগত জানাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, স্কয়ার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মতো বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেলারুশে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই চুক্তি সই করেছে। এর ফলে এ দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বেলারুশের পাশাপাশি ইউরোপেও চাহিদা মেটাবে। বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করার স্বার্থেই তিনি বেলারুশে বাংলাদেশের ব্যবসায়ীদের অন অ্যারাইভাল ভিসা (গন্তব্যে পৌঁছানোর পর দেওয়া ভিসা) দেওয়ার প্রস্তাব করেন। এতে ইতিবাচক সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী।বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে শুল্কমুক্ত সুবিধা: বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়েছে বেলারুশ। একইভাবে বেলারুশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশের বাজারে কিছু পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে দেশটি। বাংলাদেশ বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে। হাইটেক পার্কে স্বাগতম: সফটওয়্যার উৎপাদনে ভারতের পরেই অবস্থান বেলারুশের। এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হাইটেক পার্কে বেলারুশকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বছর একটি সফটওয়্যার-ভিত্তিক মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ মেলায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছে বেলারুশ।ব্যবসায়ীদের সঙ্গে চার এমওইউ সই: বেলারুশের প্রধানমন্ত্রীর সম্মানে দুপুরে সোনারগাঁও হোটেলে মধ্যাহ্ন ভোজসভার আয়োজন করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। অনুষ্ঠানে এফবিসিসিআই ও বেলারুশ চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এ ছাড়া ঢাকা চেম্বারের সঙ্গে বেলারুশ চেম্বারের মিনস্ক বিভাগ, বেলারুশের পাবলিক হেলথ বিভাগের ফার্মা ইন্ডাস্ট্রিজের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং আরএমএম গ্রুপ ও জয়েন্ট স্টক কোম্পানির মধ্যে একটি এমওইউ সই হয়।অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বেলারুশের বাজারে বাংলাদেশের সব রপ্তানি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়ার আহ্বান জানান।