মেধাস্বত্ব পেতে বাংলাদেশের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের জীবনরহস্য উন্মোচনের পূর্ণাঙ্গ ফলাফল বাংলাদেশের হাতে চলে এসেছে। আন্তর্জাতিক মেধাস্বত্ব অধিকারবিষয়ক সংস্থার (আইপিও) কাছে এর মেধাস্বত্ব অধিকার চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এই সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মেধাস্বত্বের জন্য আবেদন করেছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি বছরের মধ্যে পাটের জীবনরহস্যের মেধাস্বত্ব বাংলাদেশের হাতে চলে আসবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। এ জন্য আইপিওর কাছে পাটের জীবনরহস্যের ফলাফল পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। ‘পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা’ শীর্ষক তিন বছরব্যাপী একটি প্রকল্পের আওতায় নতুন জাত উদ্ভাবনের জন্য গবেষণা চলছে। প্রবাসী জিনবিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে পাটের জীবনরহস্য উন্মোচনের পরবর্তী ধাপের গবেষণার কাজও শুরু হয়েছে। প্রাথমিকভাবে লবণাক্তসহিষ্ণু জাত উদ্ভাবনের ব্যাপারে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পাটের প্রধান শত্রু লাল পোকাসহ বিভিন্ন পোকা-মাকড়-প্রতিরোধ জাত উদ্ভাবনের ব্যাপারেও কাজ চলছে। পাটের জীবনরহস্য উন্মোচনের পূর্ণাঙ্গ ফলাফলকে বিশ্ববাসী ও বিজ্ঞানী সমাজের কাছে তুলে ধরার কাজও শুরু হয়েছে। এরই মধ্যে গবেষণার ফলাফলকে প্রবন্ধ আকারে লিখে তা বিশ্বের গুরুত্বপূর্ণ কোনো একটি জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা প্রকল্পের প্রধান মাকসুদুল আলমের নেতৃত্বে গবেষক দলটি প্রবন্ধ লেখার কাজ শুরু করেছেন বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয়ের নামে পাটের জীবনরহস্যের মেধাস্বত্ব পেতে যুক্তরাষ্ট্রের কয়েকজন মেধাস্বত্ববিষয়ক আইনজীবী কাজ করছেন। পাটের নতুন জাত উদ্ভাবনের জন্য গবেষক দলে রয়েছেন ৭০ জন বিজ্ঞানী ও গবেষক। কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক প্রথম আলোকে বলেন, মেধাস্বত্বের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। বৈজ্ঞানিক গবেষণায় কিছু অনিশ্চয়তা থাকে উল্লেখ করে কৃষিসচিব বলেন, প্রকল্পের তিন বছরের মেয়াদের মধ্যেই মেধাস্বত্ব ও নতুন জাত সরকারের হাতে আসবে বলে মনে হচ্ছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর দেশে ছয় লাখ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়। কিন্তু বিশ্ববাজারে চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় প্রায় আট লাখ হেক্টর জমিতে ৮০ লাখ বেল পাট উৎপাদিত হয়। চলতি বছরও আট লাখ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সারা দেশে এরই মধ্যে পাট বোনার কাজ শেষ হয়ে গেছে, যার ৮০ শতাংশই বাংলা তুসা পাট। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশের উপকূলীয় এলাকা ছাড়া সব স্থানেই কম-বেশি পাট হয়। লবণাক্ততার কারণে ওই সব এলাকায় পাটের ফলন ভালো হয় না। লবণাক্ত-সহিষ্ণু জাত উদ্ভাবন করা হলে উপকূলের ১০ লাখ একর জমিতে পাটের চাষ করা যাবে। এতে পাটের উৎপাদন এক কোটি বেল ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাটের নতুন জাত উদ্ভাবনের গবেষণার দ্বিতীয় পর্যায়টি মূলত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য সংস্থাটির নতুন গবেষণা কেন্দ্র স্থাপন ও অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। ইনস্টিটিউটের দ্বিতীয় ও তৃতীয় তলায় দুটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক এই গবেষণার কাজ করছে। পাটের জীবনরহস্য উন্মোচন গবেষণা প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ কামালউদ্দিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রতিকূল পরিবেশ-সহিষ্ণু পাটের জাত উদ্ভাবনের গবেষণাও শুরু হয়েছে। পাটের লবণাক্ত-সহিষ্ণু, বন্যা-সহিষ্ণু, রোগ প্রতিরোধক ও উচ্চফলনশীল জাত উদ্ভাবনের গবেষণার একটা বড় অংশ মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে করা হবে। মাকসুদুল আলমের নেতৃত্বে এর আগে মালয়েশিয়ায় রাবারের ও যুক্তরাষ্ট্রে পেঁপের জীবনরহস্য উন্মোচিত হয়েছে। মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপের নতুন জাত উদ্ভাবন করেছেন। রাবারের জীবনরহস্য উন্মোচনের পর তা থেকে নতুন জাত উদ্ভাবনের জন্য ১০ বছর ধরে গবেষণা চলছে। মাকসুদুল আলম ওই গবেষণার সঙ্গেও যুক্ত আছেন।