মেনকা হত্যা মামলা: আসামি তারেকুজ্জামানের ফাঁসির আদেশ
রাজধানীর ইডেন কলেজের ছাত্রী মহসীনা রাব্বানী ওরফে মেনকাকে হত্যা মামলার আসামি তারেকুজ্জামান কবীরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে তারেকুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া নিহত মেনকার মা হাসিনা রাব্বানী ও বাবা লুেফ রাব্বানী আদালতে হাজির ছিলেন।বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৪ জুলাই তারেকুজ্জামান মিরপুরের মধ্য পাইকপাড়ার মেনকাদের নিজের বাসায় মেনকাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় মেনকার বাবা মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছর তারেকুজ্জামান হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ তারেকুজ্জামানকে আসামি করে গত বছরের ২৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়।মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালে মেনকা তাঁর খালা জেসমিনের বাড়ি ফরিদপুরে বেড়াতে যায়। সেখানে খালার দেবর তারেকুজ্জামানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেনকা ইডেন কলেজে ভর্তি হওয়ার পর তারেকুজ্জামান তাঁকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেনকা তা প্রত্যাখ্যান করে তারেকুজ্জামানকে এড়িয়ে চলতে থাকে। এতে তারেকুজ্জামান মেনকাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত বছরের ১৪ জুলাই তারেকুজ্জামান ঢাকায় এসে মেনকাদের বাসায় যায়। আবারও বিয়ের প্রস্তাব দিলে মেনকা তা প্রত্যাখ্যান করলে তারেকুজ্জামান মেনকার বুকে ও পেটে চাকু মারে। এতে মেনকা ঘটনাস্থলেই মারা যান।আদালত এ মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়েছে।