মেয়র মনজুরের বিরুদ্ধে তথ্য গোপন মামলার শুনানি ১ সেপ্টেম্বর
নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর করা মামলাটি খারিজের আবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম।আজ মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক এবং চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে তিনি এই আবেদন করেন। আদালত বিবাদীর খারিজের আবেদন এবং বাদীকে লিখিত বক্তব্য দিতে আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মেয়রপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র মনজুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন রাখার অভিযোগ এনে মামলাটি করেন।আরজিতে মহিউদ্দিন চৌধুরী মনজুরের বিরুদ্ধে বিদ্যুত্ চুরির দায়ে জরিমানা দেওয়ার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের করা মামলায় মনজুর আলম ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেওয়ার বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি।আদালত সূত্র আরও জানায়, মহিউদ্দিন চৌধুরী আরজিতে মেয়র মনজুরের বিরুদ্ধে প্রচারণার সময় নির্বাচন বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং লাখ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন।আদালত এ ব্যাপারে মনজুরকে তাঁর বক্তব্য জানাতে এক মাস সময় দিয়ে আজ শুনানির দিন ধার্য করেছিলেন। কিন্তু আজ মেয়র মনজুরের পক্ষে মামলা খারিজের আবেদন জানিয়ে তাঁর কৌঁসুলি আদালতে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আইন ২০০৯’-এর ৩৭ ধারা এবং ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আইন ২০১০’-এর ৫৩ ও ৫৬ নম্বর ধারা অনুযায়ী বাদীর সরাসরি হাজির হওয়া ছাড়া মামলা করার কোনো সুযোগ নেই। এ ছাড়া বাদী পক্ষ আরজিতে যেসব আপত্তি ও অভিযোগ এনেছে, তা এ দুটি আইনের সংশ্লিষ্ট ধারাকে পুরোপুরি সমর্থন করে না।বিবাদী পক্ষের কৌঁসুলির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত বাদী পক্ষের (মহিউদ্দিন চৌধুরী) বক্তব্য জানতে চাইলে আইনজীবীরা সময় প্রার্থনা করেন। আদালত আগামী ১ সেপ্টেম্বর তাঁদের লিখিত আপত্তিসহ বক্তব্য উপস্থাপন এবং খারিজ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মেয়র মনজুর আলমকে প্রথম ও মূল বিবাদী করেন। এ মামলায় মেয়র পদপ্রার্থী অন্য ছয়জনকেও বিবাদী করা হয়। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ মামলার মোকাবিলা বিবাদী।মেয়রের পক্ষের আইনজীবী নূরুল ইসলাম আদালতে সাংবাদিকদের বলেন, মনজুর আলম নির্বাচনে প্রভাব বিস্তার করে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে, তা অগ্রহণযোগ্য ও হাস্যকর। পরাজয়ের প্রতিশোধ নিতে কেবল হয়রানি এবং মনজুর আলমের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ মামলা করা হয়েছে।এদিকে মহিউদ্দিন চৌধুরীর কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর মামলায় যথেষ্ট উপাদান ও দালিলিক প্রমাণ আছে। আসলে তাঁরা খারিজের আবেদন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান আর সময় নষ্ট করতে চান। এতে মামলাটি দীর্ঘসূত্রতার জালে পড়ার আশঙ্কা আছে।উল্লেখ্য, গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনজুর আলম বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন মনজুর আলম।