মেয়র লোকমানের ‘খুনি’ নাজমুল গ্রেপ্তার!
নরসিংদীর পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার মূল আসামি নাজমুল হাসানসহ নতুন করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদউদ্দিন আজ সোমবার সাংবাদিকদের বলেছেন, জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিই লোকমানকে গুলি করেছেন।গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাজমুলকে রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়া থেকে নরসিংদীর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়। এর আগে এই মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।নাজমুলকে গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহূত রিভলবার, ২২টি তাজা গুলি, মুখোশ এবং ওই সময়ে নাজমুলের পরনে থাকা গেঞ্জি-প্যান্ট উদ্ধার করা হয়।নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এসব তথ্য জানিয়ে বলেন, নাজমুলের তথ্য অনুযায়ী নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া থেকে আওলাদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আওলাদের তথ্য অনুযায়ী রাত সোয়া দুইটার দিকে গাজীপুরের জয়দেবপুর উপজেলার চাপলিয়া গ্রাম থেকে সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বাড়িই নরসিংদীতে। এসপি বলেন, নাজমুল পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি নিজেই লোকমানকে গুলি করে হত্যা করেছেন।নাজমুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ নরসিংদী সদর থানায় পাঁচটি ও শিবপুর থানায় দুটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত ভাড়াটে খুনি ।গত ১ নভেম্বর নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে কয়েকজন মুখোশধারী লোকমানকে গুলি করে হত্যা করে।