মেয়াদোত্তীর্ণ যানবাহনবিরোধী অভিযান চলছে
রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো ভাড়ায় চালিত বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক চলাচল বন্ধে আজ বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউসহ গুরুত্বপূর্ণ রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পুরোনো যানবাহন থামিয়ে কাগজপত্র, গাড়ির ফিটনেস পরীক্ষা করছেন। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ গাড়িগুলো জব্দ করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এসব আদালত পরিচালনা করছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শ্যামল মুখার্জি জানান, ঢাকা মহানগর পুলিশের চারটি বিভাগের তত্ত্বাবধানে ১৫টি ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন স্থানে কাজ করছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (ঢাকা) নেতৃত্বে একটি সমন্বয় কমিটি করা হয়েছে।সমন্বয় কমিটির প্রতিনিধি (পুলিশ) জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মীর জিয়াউল হক জানান, ২০ ও ২৫ বছরের পুরোনো যানবাহন ছাড়াও মেয়াদোত্তীর্ণ বা রেজিস্ট্রেশনবিহীন, ট্যাক্স টোকেন, রুটপারমিট বা ফিটনেসবিহীন যানবাহনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সড়ক ও জনপথের তেজগাঁওয়ের একটি জায়গায় আটক করা গাড়িগুলো রাখা হবে।এ বিষয়ে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার জানান, সাময়িকভাবে আটক করা গাড়িগুলো তেজগাঁওয়ে রাখা হবে। কাঁচপুরে ডাম্পিং গ্রাউন্ড প্রস্তুত হলে গাড়িগুলো সেখানে নিয়ে যাওয়া হবে।