মেয়ে অসুস্থ, দেশে ফিরছেন সোয়ান
মেয়ে অসুস্থ। মেয়ের পাশে সময় কাটাতে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ বুধবার এ খবর জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহমেদাবাদে ১৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৩৩ বছর বয়সী সোয়ান।সফরের শেষ ওয়ার্ম আপ ম্যাচের আগে সোয়ানের দেশে ফেরাটা ইংল্যান্ডের বোলিং আক্রমণের জন্য বড় একটা ধাক্কাই বলতে হবে। কারণ, ফাস্ট বোলার স্টিফেন ফিন ও স্টুয়ার্ট ব্রড পুরোপুরি ফিট নন।ফিন ঊরুতে ও ব্রড পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। এ দুই বোলারের ফিটনেস সম্পর্কে সংশয় প্রকাশ করে ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ স্কাই স্পোর্টসকে বলেন, ‘ওদের ফিটনেস এখন বড় একটা প্রশ্ন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। ওদের এই মুহূর্তে বিশ্রামে রাখাটাই শ্রেয়। এর বাইরে কোনো উপায় দেখছি না আমি।’