মেয়ের চোখটি ভালো হোক, প্রার্থনা মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভগবানের কাছে এখন একটাই চাওয়া, ভগবান যেন আমার মেয়ের চোখটি ভালো করে দেন। মেয়ের জীবন যেন আবার আগের মতো হয়, পড়ালেখা করতে পারে।’এই চাওয়া অন্তু বড়ুয়ার মা শিল্পী বড়ুয়ার। নবম শ্রেণীর শিক্ষার্থী অন্তুর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যত্। তাঁর ডান চোখটি পুরোপুরি ভালো হবে কি না, চিকিত্সকেরা তার নিশ্চয়তা দিতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অন্তুর চিকিত্সার সব দায়িত্ব নিলেও পরিবার নিশ্চিন্ত হতে পারছে না। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অন্তুর মা প্রথম আলো ডটকমকে এই শঙ্কার কথা জানান।গত ২৮ মার্চ চট্টগ্রামে ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের সময় ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পায় অন্তু। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অন্তুকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। আজ মেডিকেল বোর্ড বসে অন্তুর চিকিত্সার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন আজ অন্তুকে দেখতে হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে উন্নত চিকিত্সার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তাঁরা।জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমানে অন্তুর ৭০ শতাংশ দৃষ্টি ঠিক আছে। তবে অবস্থা কী দাঁড়াবে তা এখনই বলা যাবে না। ছয় মাস থেকে এক বছর পর হয়তো তা বলা যাবে। বর্তমানে সবকিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।হাসপাতালের চিকিত্সকেরা জানান, অন্তুর চোখের ভেতরে বড় ধরনের স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে চোখের বাইরের দিকে পাঁচটি সেলাই দিতে হয়েছে। ব্যান্ডেজ খোলা হলেও অন্তু ভালো করে তাকাতে পারছে না। চোখের সামনে কিছু দেখলেও তা ঝাপসা দেখছে।যারা এ ঘটনা ঘটাল, তাদের শাস্তি চান কি না—প্রশ্নের উত্তরে অন্তুর মা শিল্পী বড়ুয়া কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটানো ঠিক হলো কি না, যারা এমনটি করেছেন তারা নিজের বিবেককে প্রশ্ন করতে পারেন। তাদের মনুষ্যত্ব ফিরে আসুক।’ পাশেই বসা অন্তুর বাবা ব্যাংক কর্মকর্তা অঞ্জন বড়ুয়া বলেন, ‘সরকার অপরাধীদের শাস্তি দেবে। আমরা সরকারের কাছে জীবনের নিরাপত্তা চাই।’ প্রধানমন্ত্রী অন্তুর চিকিত্সার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানান অন্তুর মা-বাবা ।