মেয়ের নাম প্রকাশে আগ্রহী বাবা
ভারতে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া মেডিকেল-ছাত্রীর নাম প্রকাশের আগ্রহ প্রকাশ করেছেন তাঁর বাবা। যুক্তরাজ্যের ‘দ্য সানডে পিপলস’ পত্রিকায় প্রকাশিত ওই ছাত্রীর বাবার সাক্ষাত্কারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আজ রোববার প্রকাশিত সাক্ষাত্কারে ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমরা চাই, পুরো বিশ্ব তাঁর আসল নাম জানুক। আমার মেয়ে কোনো অন্যায় করেনি। সে নিজেকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। আমি তাঁকে নিয়ে গর্ব করি। এ ধরনের হামলার পর যেসব নারী বেঁচে আছেন, তাঁদের জন্য আমার মেয়ের নাম প্রেরণা জোগাবে।’একই সঙ্গে ওই ছাত্রীর বাবা ভারতে যৌন নির্যাতনবিরোধী নতুন আইনটি তাঁর মেয়ের নামে করার আহ্বান জানিয়েছেন। এদিকে, পত্রিকাটি অনুমতি নিয়ে ওই ছাত্রী ও তাঁর বাবার নাম প্রকাশ করেছে। তবে পরিবারের অনুরোধে ছাত্রীর কোনো ছবি প্রকাশ করা হয়নি।আর, ভারতীয় কর্তৃপক্ষ গণমাধ্যমে ওই ছাত্রীর নাম প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় বার্তা সংস্থা রয়টার্স তাঁর নাম প্রকাশ করেনি।গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৯ ডিসেম্বর মারা যান তিনি। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে।