মেয়ের ভালো ফল পেয়ে বাকরুদ্ধ মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শেষ পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছেন নির্ভয়া। গড়ে ৭৩ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। কিন্তু মেয়ের এত ভালো ফল দেখেও আনন্দে উচ্ছ্বসিত হতে পারছেন না তাঁর মা-বাবা। বরং তাঁরা অধিক শোকে পাথর। বাকরুদ্ধ। তাঁদের সেই আদরের মেয়েটি যে আর বেঁচে নেই।নির্ভয়ার (ছদ্মনাম) কথা মনে আছে? গত ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হলেন যে মেডিকেল-ছাত্রীটি। অনেক যন্ত্রণা পোহায়ে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্ভয়া উত্তরাখন্ডের দেরাদুনের সাই ইনস্টিটিউট অব প্যারামেডিকেল অ্যালাইড সায়েন্স প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হারিশ অরোরা বলেন, যেখানে শিক্ষার্থীরা গড়ে ৫৫ থেকে ৫৬ শতাংশ নম্বর পায়, সেখানে মেয়েটি অনেক ভালো ফল করেছে। অন্য শিক্ষকেরা তাঁর ফলাফলকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন। ফল প্রকাশের পর নয়াদিল্লিতে ওই ছাত্রীর মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন। অনেকক্ষণ পর মুখ খোলেন তাঁর বাবা। তিনি বলেন, ‘তার ফল খুব ভালো হয়েছে। কিন্তু তাকে হারানোর বেদনায় সব আনন্দ মিলিয়ে গেছে। আশা করি, আমার অন্য দুই সন্তান তাদের দিদির এই ভালো ফল থেকে অনুপ্রাণিত হবে।’ দেরাদুনের শিক্ষাপ্রতিষ্ঠানটি ওই ছাত্রীর পরিবারকে এক লাখ ৮০ হাজার রুপি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিষ্ঠানে চার বছরের ফি একসঙ্গে জমা দেওয়ার নিয়ম। সেই অনুযায়ী ওই ছাত্রীও টাকা জমা দিয়েছিলেন। কিন্তু লেখাপড়া অসমাপ্ত থাকা অবস্থায় তাঁর মৃত্যু হওয়ায় প্রতিষ্ঠানটি টাকা ফেরত দেওয়ার এ সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানের প্রধান অরোরা জানান, ওই ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে তাঁর পরিবারের একজন সদস্যের কাছে এ অর্থ তুলে দেওয়া হবে। যদি তাঁর পরিবার এ অর্থ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে দরিদ্র পরিবার থেকে আসা নারী শিক্ষার্থীদের জন্য এ অর্থ ব্যয় করা হবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।