মেয়েশিশুটির দায়িত্ব রাষ্ট্রকেই নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া মেয়ে শিশুটির দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়ে ধর্ষক সরোয়ার সরদারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।আদালত সরোয়ার সরদারের স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে পাঁচ লাখ টাকা দুই মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত নারীটিকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় সরোয়ার উপস্থিত ছিলেন। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি সুজিত চ্যাটার্জি জানান, শিশুটির বাবার নাম সরোয়ার সরদার। মেয়েশিশুটির বিয়ে না-হওয়া পর্যন্ত ভরণ-পোষণ বাবদ রাষ্ট্র মাসিক তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা কালেক্টরকে এ আদেশ বাস্তবায়ন করতে হবে। আদালত বলেন, রাষ্ট্র ইচ্ছা করলে আসামি সরোয়ার সরদারের সম্পত্তি থেকেও শিশুটির ভরণ-পোষণের অর্থ আদায় করতে পারবে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২০ জুন মাদারীপুর সদর উপজেলার তালতলা-সংলগ্ন সাবেক ব্রাহ্মন্দি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই নারী গর্ভবতী হয়ে পড়লে স্থানীয়ভাবে তাঁকে বিয়ের জন্য সরোয়ার সরদার ও তাঁর পরিবারকে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা সেটি না করায় ২০০৬ সালের ৭ নভেম্বর ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এ মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।