মেরকেল এবারও শীর্ষ ক্ষমতাধর
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় গতবারের মতো এবারও শীর্ষ স্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিশ্বের রাজনীতি, ব্যবসা ও গণমাধ্যম জগতে নেতৃস্থানীয় ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।অ্যাঙ্গেলার ঠিক পরের স্থানটিতেই রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর তৃতীয় স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। গতবারও তাঁরা একই অবস্থানে ছিলেন।ফোর্বসের এ ক্ষমতাধর নারীর তালিকা তৈরিতে বিশ্বে তাঁদের প্রভাব, কী পরিমাণ অর্থ তাঁরা নিয়ন্ত্রণ করেন বা উপার্জন করেন এবং গণমাধ্যমে তাঁদের উপস্থিতি—এসব বিষয় বিবেচনা করেই তাঁদের নম্বর দেওয়া হয়। এরপর প্রতিটি বিষয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে সবশেষে তালিকার ক্রম সাজানো হয়। সাময়িকীটি ইউরোপীয় ইউনিয়নকে একীভূত রাখতে এবং চলমান ঋণসংকট মোকাবিলায় ইউরো জোনের ওপর অ্যাঙ্গেলা মেরকেলের প্রভাবের বিষয়টি উল্লেখ করেছে।প্রসঙ্গত, মেরকেল ২০০৫ সালে ক্ষমতায় আসার পর ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ তালিকায় টানা চারবার প্রথম হন। তবে ২০১০ সালে তিনি পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন। সেবারে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দখল করেছিলেন প্রথম স্থানটি। অবশ্য গত বছর আবারও প্রথম স্থানে উঠে আসেন মেরকেল।ফোর্বস জানিয়েছে, হিলারি তাঁর দায়িত্ব পালনকালে উইকিলিকসের তথ্য ফাঁস পরিস্থিতি মোকাবিলায় যোগ্যতার পরিচয় দিয়েছেন। আর দিলমা রৌসেফের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে বিশ্বের অষ্টম বৃহত্ রাষ্ট্র ব্রাজিলের নেতৃত্বদান এবং তাঁর জনপ্রিয়তার কথা বলা হয়েছে।এ তিনজন ছাড়া প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস, নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল অ্যাব্রামসন, ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী জ্যানেট নাপোলিতানো এবং ব্যবসায়ী ও ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ।এই তালিকায় ১১তম স্থানে রয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ১৯ নম্বর স্থানে রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ হয়েছেন ২৬তম, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ২৭তম, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অভিনেত্রী জেনিফার লোপেজ ৩৮তম আর অ্যাঞ্জেলিনা জোলি হয়েছেন ৬৬তম।ক্ষমতাধর এই ১০০ নারীকে ২৮টি দেশ থেকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের বয়সের গড় ৫৫ বছর। আর টুইটারে এসব নারীর ভক্তসংখ্যা ৯০ মিলিয়ন।