মেরামত ভাঙন মেরামত
গত ঈদুল ফিতরের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে সারা দেশে ব্যাপক হইচই হয়েছে। খানাখন্দে ভরা রাস্তাটি তখন তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেয় সরকার। এখনো মেরামতকাজ চলছে, পুরোপুরি শেষ হয়নি। কিন্তু এর মধ্যেই মেরামত করা কিছু অংশ নষ্ট হয়ে উঁচু-নিচু হয়ে যাচ্ছে। স্বাভাবিক গতিতে চলতে গিয়ে সমস্যায় পড়ছে যানবাহন।সূত্র জানায়, দরপত্র আহ্বান ছাড়াই যোগাযোগমন্ত্রীর নির্দেশে ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনকে মেরামতের কাজ দেওয়া হয়েছিল। জরুরি মেরামতের প্রয়োজনে তখন এ প্রক্রিয়ায় কাজ করা হয়েছে। এখন ঠিকাদারেরা যে খরচের হিসাব দেবেন, সেটাকে ভিত্তি ধরেই বিল করা হবে।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল আলম জানান, তাঁদের ধারণা, এ কাজে প্রায় ২৫ কোটি টাকা খরচ হবে। এর বাইরে স্থানীয় আরও কয়েকটি প্রতিষ্ঠান মেরামতের কিছু কাজ করছে। তাদের জন্য লাগবে আনুমানিক ১০ কোটি টাকা।তবে রাস্তা মেরামতের কাজ যারা করেছে, তাদের একটি রেজা কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক ফ ম মমতাজ উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ রোডে তাঁদের প্রায় ৭৫ শতাংশ কাজ হয়ে গেছে। এতে ৩০ থেকে ৩২ কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এখনো কোনো বিল করা হয়নি।সড়কের কিছু কিছু জায়গা ঢেউয়ের মতো হওয়ার কারণ জানতে চাইলে মমতাজ উদ্দিন বলেন, ‘এটা হবেই। তখন তাৎক্ষণিকভাবে কাজটি করতে হয়েছে। এটা এখন আমরা মেরামত করে দেব।’তবে মেরামত করে ঢাকা থেকে মাওনা পর্যন্ত যান চলাচলের উপযোগী করা হলেও এর পর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়কে অনেক জায়গা ঠিকমতো মেরামত করা হয়নি। ভালুকা উপজেলা সদরসহ বেশ কিছু অংশে রাস্তা এখনো খারাপ। কোথাও কোথাও এখনো মেরামতকাজ চলছে।ঈদুল ফিতরের আগে মহাসড়কের ভোগরার বাসন ও মাওনা বাজার অংশ ছিল খুবই খারাপ। সেখানে রাস্তার মেরামত শেষে এখন নালা তৈরির (ড্রেন) কাজ চলছে। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তার ঠিক পরপরই রাস্তার বেশ কিছু জায়গা দেবে গিয়ে উঁচু-নিচু ঢেউয়ের মতো হয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাচালক রিপন সরকার বলেন, ‘কাজ করার পাঁচ-ছয় দিনের মাথায় এ অবস্থা হইছে।’সালনা সেতুর কাছেও মহাসড়কের কিছু অংশের অবস্থা বেহাল। পোড়াবাড়ী এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশ ফাটা ফাটা। জানতে চাইলে কয়েকজন চালক জানান, স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যাচ্ছে না; একই অবস্থা ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে কিছু অংশেও। মাওনায় মেরামত মসৃণ হয়নি বলে উঁচু-নিচু হয়ে পড়েছে।এস এম শফিকুল আলম ও ফ ম মমতাজ উদ্দিন বলেন, এটা ঠিক যে কিছু জায়গায় প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি। কিছু কিছু জায়গা ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে। এটার কারণ হলো, যখন কাজটি করা হয়, তখন রাস্তা ভেজা ছিল।মাওনা থেকে ময়মনসিংহ: মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কে প্রচুর ভাঙাচোরা। এ অংশ এরই মধ্যে চার লেন প্রকল্পের ঠিকাদারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ অংশে চার লেনের কাজ পেয়েছে পিবিএল ও এসপিএল নামে ঠিকাদারি দুটি প্রতিষ্ঠান। এখন মেরামতের দায়িত্ব তাদেরই।সরেজমিনে দেখা গেছে, ওই অংশে মেরামত হয়েছে নিম্নমানের। অনেক স্থানে মেরামতই হয়নি। সম্প্রতি ময়মনসিংহের জেলা প্রশাসক ঈদুল আজহার আগেই মহাসড়কটি মেরামতের অনুরোধ জানিয়ে সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের সুপারভাইজার মো. শাহজাহান জানান, মেরামত চলছে। সপ্তাহ খানেকের মধ্যে ঠিক হয়ে যাবে।এসপিএলের প্রকল্প ব্যবস্থাপক তুহিন বিন আজম জানান, নষ্ট কম হয়েছে, তাই মেরামতও কম।মাওনার মীর সিরামিক এলাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত কিছু জায়গায় মেরামতের কাজ চলছে। নাসির গ্লাসের সামনে, সিড স্টোর এলাকা ও ভালুকা উপজেলা সদরের অংশে রাস্তা তুলনামূলক বেশি খারাপ।ভালুকা সেতু থেকে ভালুকা ডিগ্রি কলেজ পর্যন্ত কোথাও ইটের সলিং আর কোথাও পিচ করা হলেও তা খুবই এবড়োখেবড়ো হয়ে গেছে। আর সড়কের এ অংশের দুই পাশে মাটি কেটে যে নালা নির্মাণ করা হয়েছিল, তা-ও প্রায় ভরাট হয়ে গেছে।ভালুকা বাসস্ট্যান্ডে শেরপুরের একজন বাসচালক জানান, এ অংশে গাড়ি চালালে ধুলোর কারণে কিছুই দেখা যায় না। ত্রিশালের নওধার এলাকায় বেশ কিছুদিন ধরে ইটের খোয়া ও বালু দিয়ে মেরামতের কাজ চলছে। বগার বাজার থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে ফাটল থাকলেও এ অংশে মেরামত হচ্ছে না। নওধার এলাকার মুদি দোকানি আমিনুল হক বলেন, ‘খালি ইট আর বালু দিয়া এ স্থান কতবার যে মেরামত হয়েছে, তা ঠিকাদারও বলতে পারবে না। কিন্তু এক সপ্তাহও টিকে না তা।’এ বিষয়ে ময়মনসিংহের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর এ সড়ক নিয়ে আমাদের আর কিছু করার নেই। এটির সব ধরনের তদারকির দায়িত্ব এখন প্রকল্পের কর্মকর্তাদের ওপর।’