টানা ছয় দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বৃষ্টির মধ্যে কোনো রকমে সড়কের মেরামত কাজ করায় নতুন করে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এ সড়কে চলাচলকারী বাসযাত্রী ও মালিক-চালকেরা অস্বস্তিতে আছেন। রাস্তার অবস্থা নাজুক হওয়ায় এখনো দুই ঘণ্টার রাস্তা পাড়ি দিতে পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহের মাসকান্দা ও শম্ভুগঞ্জ বাসস্টেশনে তেমন যাত্রী নেই। এনা পরিবহনের চালক আবদুর রব বলেন, ‘এ সড়কের বয়সে এমন খারাপ কখনো হয়নি। ইটের মান ভালো না। কাজও খারাপ হচ্ছে। বৃষ্টির মাঝে তাড়াহুড়ো করে কাজ করলে লাভ কি। আগে থেকে কাজ করলে এমন হতো না। গাড়ি তো টানাই যায় না। হয় গর্ত, নয় উঁচু-নিচু ইটের ডিবি।’ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আনজুমান আরা বলেন, ‘কতক্ষণে ঢাকায় যেতে পারব জানি না। গতকাল এসেছি আট ঘণ্টায়। রাস্তায় ইট ফেলা হয়েছে, কিন্তু সমান করা হয়নি। ফলে অনেক ঝাঁকুনি লাগে।’শেরপুরের জিনিয়া পরিবহনের চালক সুমন মিয়া বলেন, ‘আগে ও পরে একই অবস্থা। কাজের চেয়ে কথা বেশি হচ্ছে। আগে পানি ছিল, এখন তা নেই। তবে নতুন করে ভালুকা-ময়মনসিংহ অংশে অনেক বড় বড় গর্ত হয়েছে।’ নেত্রকোনাগামী নেত্র পরিবহন বাসের যাত্রী বৃদ্ধা আনোয়ারা খাতুন বলেন, ‘থেকনায় জীবনডা শেষ হইয়া গেছে। খালি মন্ত্রীরে দোষলে অইব, আমরারও চরিত্র ভালা অইতে অইব।’ঠিকাদারি প্রতিষ্ঠান বিপিএলের শ্রমিক আলী হোসেন বলেন, ‘গর্ত ভরাট করেই তো শেষ করা যাচ্ছে না, রাস্তা সমান করি কখন।’