মেরামতে গড়িমসি, ফাটল বেড়েছে বঙ্গবন্ধু সেতুর
বঙ্গবন্ধু (যমুনা) সেতুর ফাটল আরও বেড়েছে। মেরামত না করার কারণে গত পাঁচ বছরে ফাটলগুলো দেড় থেকে দুই মিলিমিটার পর্যন্ত চওড়া হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত সম্প্রসারণশীল সংযোগগুলোর অবস্থাও নাজুক। সংযোগস্থলের নাট-বল্টু খুলে পড়েছে। সেতু বিভাগের প্রকৌশলীরা মনে করছেন, মেরামতে সরকারের গড়িমসি দেশের বৃহত্তম এই সেতুটিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে যখন ফাটল ধরা পড়ে, তখন সেতুর প্রতিটি সেগমেন্টে (অংশ) গড়ে চারটি করে ফাটল ছিল। আর এখন প্রতিটি অংশে ফাটল বেড়ে গড়ে ১৩টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মোট সেগমেন্ট আছে এক হাজার ২৬৩টি। সে হিসাবে পুরো সেতুতে মোট ফাটল ১৬ হাজার ৪১৯টি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, দিন দিন ফাটলের সংখ্যা ও প্রশস্ততা বাড়ছে এবং সেটা তাঁরা জানেন। এই বিষয়ে যথেষ্ট মনোযোগও রয়েছে। এ কারণেই দ্রুত মেরামতের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দু-এক দিনের মধ্যেই পুনরায় দরপত্র আহ্বানের কাগজপত্র তৈরি করা হবে। এই প্রক্রিয়ায় কোনো সময়ক্ষেপণ করা হবে না। জানা গেছে, ফাটল ধরা পড়ার পরই সেতু বিভাগ ফাটলের পরিমাণ ও চওড়া পরিমাপ করে। ২০০৬ সালে সেতু বিভাগের একদল প্রকৌশলীর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, সে সময় ফাটলের প্রশস্ততা ছিল দশমিক ১ থেকে দশমিক ৫ মিলিমিটার। কিন্তু চলতি বছর এই ফাটল আরও বেড়েছে বলে জানা গেছে। সেতুটির রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রকৌশলীদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সেতুর ৪২ শতাংশ ফাটল দশমিক ২৫ মিলিমিটার চওড়া। দশমিক ২৫ থেকে দশমিক ৫০ মিলিমিটার পর্যন্ত চওড়া ফাটল রয়েছে ১২ শতাংশ। আর ২৫ শতাংশ ফাটল দশমিক ৫০ থেকে ১ দশমিক ৫০ মিলিমিটার এবং ১১ শতাংশ ফাটল ১ দশমিক ৫০ থেকে দুই মিলিমিটার চওড়া। প্রতিবেদনে সেতুর স্প্যান বরাবর ওপরের দিকের অংশের (পিয়ারহেড) ফাটলগুলো বেশি চওড়া বলেও উল্লেখ করা হয়। সেতুটি এসব পিয়ারহেডের ওপর দাঁড়িয়ে আছে। দুই দিকের গোড়ার দুটি বিশেষ পিয়ারহেড বাদ দিলে সেতুতে মোট পিয়ারহেড ৪৮টি। বর্তমানে সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেতুর ১০০ মিটার এলাকার ফাটলে আঠাজাতীয় পদার্থ দিয়ে মেরামত করা হয়। সেতুটিতে প্রথম ফাটল দেখা দেয় ২০০৫ সালের শেষের দিকে। ২০০৬ সালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ফাটল দ্রুত মেরামত ও দায়ীদের শাস্তির সুপারিশ করেছিল। এরপর প্রায় পাঁচ বছরেও ফাটলের মেরামত হয়নি। তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারি প্রতিষ্ঠান বাছাই করতে পারেনি যোগাযোগ মন্ত্রণালয়। সর্বশেষ গতকাল বুধবার নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এই ফাটল নিয়ে প্রথম আলোয় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি শীর্ষ সংবাদ প্রকাশিত হয়েছিল সেতু বিভাগের একজন প্রকৌশলী জানান, ২০০৬ সালে গভীরভাবে না দেখলে ফাটল চোখে পড়ত না, কিন্তু এখন তা স্পষ্ট বোঝা যায়। গত সোমবার সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে। ফাটল যাতে দেখা না যায়, সে জন্য সেতুর রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান নিয়মিতই সাময়িক মেরামত করে থাকে। তবে মেরামতের কয়েক দিনের মধ্যেই নতুন স্থানে ফাটল দেখা দেয়। সেতুর সংযোগস্থলের (এক্সপানশন জয়েন্ট) ভেতরের অংশের অধিকাংশ নাট-বল্টুও দীর্ঘদিন ধরে ভেঙে গেছে বা খুলে পড়েছে। বিশেষ করে যে দিক দিয়ে ট্রেন চলাচল করে, সে অংশে। তবে যে অংশের ওপর দিয়ে গাড়ি চলে সেটা মেরামত করেছে সেতু বিভাগ। সেতুতে মোট আটটি সংযোগস্থল রয়েছে। ৭০০ মিটার পরপর আটটি সংযোগের মাধ্যমে পুরো সেতুকে আটটি ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু কিছু সংযোগস্থলে ভূমিকম্প প্রতিরোধক যন্ত্রও কিছুটা বাঁকা হয়ে গেছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর মন্ত্রণালয় বা সেতু বিভাগের গাফিলতির জন্য ফাটল মেরামতে দেরি হয়নি। পারিপার্শ্বিক নানা কারণে বিলম্ব হয়েছে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যেই মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ হয়ে যাবে। হুন্দাইয়ের বিরুদ্ধে মামলা করার জন্য আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান। সেতু বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চার-পাঁচ বছর আগেই মেরামতের কথা বলেছিলাম। এত দিন যেহেতু হয়নি, চার-পাঁচ মাস অপেক্ষা করলে সমস্যা কী।’ তিনি জানান, সেতুটি মেরামতের পরামর্শ দেওয়ার পর গত চার বছর এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সরকার দুই সপ্তাহ আগে তাঁকে সম্পৃক্ত করেছে। দায়ী হুন্দাই, মামলা হচ্ছে না: জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি ২০০৬ সালেই বলেছিল যে নকশায় ত্রুটির কারণে সেতুতে ফাটল ধরেছে। এরপর ২০০৮ সালে ফাটলের কারণ, দায়ীদের চিহ্নিত এবং ফাটল মেরামতের পদ্ধতি নির্ধারণে সেতু বিভাগ আট কোটি টাকা খরচ করে পরামর্শক নিয়োগ করে। পরামর্শক প্রতিষ্ঠানও বঙ্গবন্ধু সেতুর নকশা প্রণয়ন ও নির্মাণকারী হুন্দাইকে এ জন্য দায়ী করেছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন যোগাযোগ উপদেষ্টা এবং বর্তমান যোগাযোগমন্ত্রী দুজনই হুন্দাইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার ঘোষণা দিয়েছিলেন। সেতু বিভাগ আইন মন্ত্রণালয় ও বিশিষ্ট আইনজীবীদের পরামর্শও নিয়েছে। কিন্তু বিষয়টি এখন ঝুলে গেছে। সেতু বিভাগ সূত্র জানায়, সেতুর ওয়ারেন্টিসহ চুক্তির কিছু দুর্বলতার কারণে মামলা করার সিদ্ধান্ত পিছিয়ে গেছে। মেরামত পদ্ধতি: পরামর্শক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর ফাটলগুলো আঠাজাতীয় পদার্থ দিয়ে বন্ধ করে তাঁর ওপর কার্বন ও পলিমারের তৈরি এক ধরনের পাতলা কিন্তু শক্তিশালী পাত দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পুরো সেতুর উপরিভাগে ৭৫ মিলিমিটার বা তিন ইঞ্চি পুরো একটি বিটুমিনের আস্তর দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সেতুর সম্প্রসারণশীল সংযোগগুলোও আবার স্থাপনের কথা বলা হয়েছিল।