মেরামতের পর আবার চালু মাওয়া ফেরিঘাট
মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটটি মেরামতের পর আজ মঙ্গলবার বিকেলে যান চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। পদ্মায় পানিপ্রবাহ হ্রাস পাওয়ায় ফেরিঘাটের সংস্কারকাজের জন্য আজ সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য ঘাটটি বন্ধ রাখা হয়। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই ঘাট দিয়ে কোনো যান পারাপার হয়নি। বিকেলে ক্ষতিগ্রস্ত ফেরিঘাটটির সংস্কারকাজ শেষ হওয়ার পর খুলে দেওয়া হয়।‘প্রথম আলো’র মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, পদ্মার পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পন্টুন ওপরে রয়ে যায়। পন্টুন নিচে নামানোর জন্য ফেরিঘাট বন্ধ রাখা হয়। এতে উভয় পাড়ে অনেক যানবাহন আটকা পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, সীমিত সময়ের জন্য সকাল নয়টার দিকে একমাত্র সচল ৩ নম্বর ঘাটটি দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মাওয়া ঘাট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, সাত দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মাওয়ায় আরও তিনটি নতুন ঘাট চালুর নির্দেশ দেওয়া হয়েছে।নদীভাঙনের কারণে ৯ অক্টোবর প্রথমে মাওয়ার ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। পরদিন কিছু অংশ ভেঙে পড়ায় ও ফাটল দেখা দেওয়ায় ১ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়। জরুরি মেরামতের কাজ করে আট ঘণ্টা পর সেদিন রাতে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু রোববার ১ নম্বর ঘাটটি পুরোপুরি বিলীন হয়ে যায়। এর আগে ৪ ও ৫ অক্টোবর পার্কিং ইয়ার্ড ও লঞ্চঘাটের একাংশ বিলীন হয়ে যায়।