মেরিল, দুজারদিন, হাজানাভিসিয়াসের অস্কার জয় (ভিডিও)
‘দ্য আয়রন লেডি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ৮৪তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মেরিল স্ট্রিপ। ‘দ্য আর্টিস্ট’ ছবির অভিনেতা জ্যঁ দুজারদিন পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। অস্কারের এ আসরে সাদা-কালোয় চিত্রিত নির্বাক ছবি দ্য আর্টিস্ট পেয়েছে সেরা ছবির মর্যাদা। এর পরিচালক মাইকেল হাজানাভিসিয়াস জিতেছেন সেরা পরিচালকের অস্কার।এবারের অস্কার আসর থেকে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, অরিজিনাল স্কোর ও কস্টিউম ডিজাইন বিভাগ মিলিয়ে মোট পাঁচটি পুরস্কার ঝুলিতে ভরেছে দ্য আর্টিস্ট। মার্টিন স্করসেসের ‘হুগো’ ছবিটিও জিতে নিয়েছে পাঁচটি পুরস্কার।
এ নিয়ে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন মেরিল স্ট্রিপ। কলিন ফার্থের হাত থেকে পুরস্কার নেওয়ার পর সবাই তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি সম্মানের বিষয়। আমি আমার স্বামী, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই।’নাটালি পোর্টম্যানের হাত থেকে সেরা অভিনেতার অস্কার নেওয়ার পর মাইকেল হাজানাভিসিয়াস ও দ্য আর্টিস্ট ছবি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জ্যঁ দুজারদিন। মাইকেল ডগলাসের হাত থেকে সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করেন দ্য আর্টিস্ট ছবির পরিচালক মাইকেল হাজানাভিসিয়াস। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অ্যাকাডেমিকে। ধন্যবাদ জানাচ্ছি দ্য আর্টিস্ট ছবির কলা-কুশলী এবং প্রযোজকদের।’সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার প্লামার। ‘বিগিনারস’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ৮২ বছর বয়সে এসে অস্কার জেতায় অভিভূত প্লামার বলেছেন, ‘অস্কার ট্রফি, এত দিন তুমি কোথায় ছিলে? ধন্যবাদ একাডেমি, বিগিনারস ছবির সহ-তারকা এবং প্রযোজকদের। আরও ধন্যবাদ কন্যা আমান্ডা এবং স্ত্রী এলাইনকে।’ ‘দ্য হেল্প’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অক্টাভিয়া স্পেন্সার। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে ইরানের ‘আ সেপারেশন’। ছবির পরিচালক আজগার ফারহাদি সান্দ্রা বুলকের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। মার্টিন স্করসেসের ‘হুগো’ ছবির জন্য সেরা ক্যামেরাম্যানের পুরস্কার জিতেছেন রবার্ট রিচার্ডসন। মৌলিক চিত্রনাট্য বিভাগে উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’ এবং অ্যাডাপটেড চিত্রনাট্য বিভাগে অস্কার জিতেছে আলেকজান্ডার পাইনের ‘ডিসেনডেন্টস’ । সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ‘আনডিফিটেড’। আর সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার ঝুলিতে ভরেছে গোর ভারবিনস্কি পরিচালিত ‘র্যাঙ্গো’। দ্য আর্টিস্ট ছবির জন্য বেস্ট অরিজিনাল স্কোর বিভাগে লুডোভিক বোর্স এবং ‘ম্যান অর মাপেট’ ছবির জন্য বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিয়েছেন ব্রেট ম্যাকানজি। ‘দ্য আয়রন লেডি’ ছবিতে মেরিল স্ট্রিপকে মার্গারেট থ্যাচার বেশে হাজির করেছেন মেকআপম্যান মার্ক কুলিয়ার এবং জে. রয় হেল্যান্ড। এর স্বীকৃতি হিসেবে এবারের অস্কার আসর থেকে এই দুজনকে অস্কার পুরস্কারে ভূষিত করা হয়েছে। দীর্ঘ ৩৭ বছর ধরে মেকআপম্যান হিসেবে তাঁদের নিয়োগ বহাল রাখায় তাঁরা ধন্যবাদ দিয়েছেন মেরিলকে।এবারের অস্কার আসরে শ্রদ্ধা জানানো হয়েছে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের প্রতি। অস্কার আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে প্রয়াত এলিজাবেথ টেইলর, স্টিভ জবস, জেন রাসেল ও কেন রাসেলকে।