মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেলেন মুস্তাফা মনোয়ার (ভিডিও)
মেরিল-প্রথম আলো ‘আজীবন সম্মাননা ২০১২’ পুরস্কার পেলেন দেশের প্রোথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন তারই বাল্যবন্ধু শিক্ষাবিদ আনিসুজ্জামান। দেশসেরা এই শিল্পীকে একটি ক্রেস্ট, উত্তরীয় ও এক লাখ টাকার চেক দেওয়া হয়।অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুস্তাফা মনোয়ার বলেছেন, ‘এ সম্মাননা পেয়ে আমি অভিভূত। শিল্পীদের সম্মানিত করা অবশ্যই মহত্ একটি কাজ। প্রথম আলো এমন একটি কাজের সঙ্গে সংযুক্ত। প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাল্যবন্ধু আনিসের কাছ থেকে এই পুরস্কার নিতে পেরে অনেক বেশি ভালো লাগছে আমার।’এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুরু হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১।অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানান লেখক-কথাসাহিত্যিক আনিসুল হক। এর পরই স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি সবাইকে স্বাগত, ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘প্রথম আলো প্রতিষ্ঠার বছর থেকেই আমরা এই অনুষ্ঠান করছি। আনন্দকে ভাগ করতেই আমাদের এই আয়োজন। দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখান শিল্পীরা, সেই শিল্পীদের সম্মানিত করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ১৪ বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান।’চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগে পাঠকের ভোটে ছয়টি তারকা জরিপ পুরস্কার এবং চলচ্চিত্র ও টিভি নাটক বিভাগে বিচারকদের রায়ে আটটি সমালোচক পুরস্কার দেওয়া হবে এই আয়োজনে।
ভিডিও: জিয়া ইসলাম