মেরিল-প্রথম আলো তারকা জরিপে অংশ নেওয়া পাঠকদের পুরস্কার বিতরণ
মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০১১ সালের প্রথম ও দ্বিতীয় পর্বের পাঠক জরিপ পর্বে অংশগ্রহণকারী পাঠকদের মধ্যে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে এই দুই পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ কম্পিউটার ও মুঠোফোন তুলে দেওয়া হয়।গতকাল বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম পর্বে কিশোরগঞ্জের ভৈরবের টুম্পা প্রথম ও সাতক্ষীরার পলাশপোলের ইকবাল করিমকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। সংগীতশিল্পী কনা ও আরফিন রুমী এবং দ্বিতীয় পর্বের প্রথম মানিকগঞ্জের পশ্চিম দাশপাড়ার আল-আমিন ও দ্বিতীয় শেরপুর সদরের শহীদুল আলমকে পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী সজল ও দুরবিন ব্যান্ডের শিল্পী শহীদ। পাঠক জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে দুই পর্বের এই চারজন বিজয়ী হন। অংশগ্রহণকারী সংগীত ও অভিনয়শিল্পীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, মেরিল-প্রথম আলো তারকা জরিপের এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁরা তাঁদের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি পেয়ে থাকেন। এ ছাড়া দর্শক-শ্রোতাদের সঙ্গেও তাঁদের একটি প্রত্যক্ষ যোগাযোগ সৃষ্টি হয়। যেহেতু এই আয়োজনে শ্রোতা-দর্শকদের মতামতের ভিত্তিতে শিল্পীরা পুরস্কৃত হন, সে কারণে তাঁদের কাছে এই অনুষ্ঠান তথা জরিপে অংশগ্রহণকারীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরস্কারপ্রাপ্ত পাঠকদের অনুরোধে কনা, রুমী ও শহীদ কথার ফাঁকে ফাঁকে দু-এক লাইন গানও গেয়ে শোনান। সজল শুনিয়েছেন নাটকের সংলাপ। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষে সহকারী বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান বলেন, মেরিল ও প্রথম আলো অনেক দিন থেকে তারকাদের কাজের মূল্যায়ন করে তাঁদের স্বীকৃতি দেওয়ার কাজটি করে আসছে। পাঠকদের সরাসরি অংশগ্রহণের এই জরিপের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, সারা বছর ধরেই পাঠকদের মতামতের ভিত্তিতে তারকা জরিপের কাজটি চলতে থাকে। প্রতি তিন মাস পর পর একটি করে পর্ব চলে। শেষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত বিচারে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। তারকাদের পাশাপাশি যে পাঠকেরা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন, তাঁদেরও পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে। সেই প্রক্রিয়াতেই অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারিতে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘আমরা এই আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের সঙ্গে তাঁদের ভক্ত অনুরাগী শ্রোতা-দর্শকের সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজটি করে থাকি। পাঠকেরাই ভোট দিয়ে তাঁদের প্রিয় তারকা নির্বাচন করেন।’এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার এইচএসবিসি-কালি ও কলম তরুণদের সৃজন উদ্যমে প্রেরণা সঞ্চারের উদ্দেশ্যে ২০১১ সালে চারটি বিভাগে পুরস্কার প্রদান করবে। প্রতিটি বিভাগের শ্রেষ্ঠ গ্রন্থের জন্য এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।গতকাল রোববার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে এইচএসবিসির প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ,কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।বাংলাদেশের সাহিত্যের বিকাশ, প্রসার ও সৃজনধারাকে গতিশীল করা এবং তরুণদের সাহিত্যচর্চা উৎসাহিত করতে বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসি এবং মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, যে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে তা হলো—কবিতা; ছোটগল্প ও উপন্যাস; প্রবন্ধ, গবেষণা ও নাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বা প্রবন্ধগ্রন্থ। পুরস্কারের জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশি (স্বদেশবাসী ও প্রবাসী) কবি ও লেখকদের রচিত মৌলিক সাহিত্যকর্ম বিবেচিত হবে। ২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। শেষ হলো কলকাতায় বাংলাদেশের বইমেলাকলকাতা প্রতিনিধি জানান, কলকাতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী বাংলাদেশের একক বইমেলা শেষ হলো গতকাল রোববার। রাত আটটায় বইমেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। মেলা শুরু হয়েছিল ১২ অক্টোবর। এই বইমেলা দারুণ সাড়া জাগিয়েছে কলকাতার বইপ্রেমীদের মধ্যে। তাদের মন্তব্য, আগামী বছরও যেন বাংলাদেশ এ ধরনের একক বইমেলা থেকে কলকাতাবাসীকে বঞ্চিত না করে। মেলায় যোগ দেওয়া প্রকাশকেরাও চাইছেন, আগামী বছরও বাংলাদেশ সরকার কলকাতায় এ ধরনের একক বইমেলায় আয়োজন করুক। বাংলাদেশের ২৯টি প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশ নেয়। মেলা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।