মেরিল স্ট্রিপ: এক জীবনে ৩ অস্কার!
লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে অস্কারের ৮৪তম আয়োজনে এবারের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে অন্যতম হচ্ছেন সেরা অভিনেত্রীর অস্কারজয়ী মেরিল স্ট্রিপ। তিনি তাঁর জীবনে তৃতীয়বার অস্কার পেলেন। ‘দি আয়রন লেডি’ চলচ্চিত্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ৮৪তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি। এর আগে এ ছবিটির জন্য গোল্ডেন গ্লোবের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।‘দি আয়রন লেডি’ নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর জীবনের সায়াহ্নের চরিত্র চিত্রণ করাটা একমাত্র মেরিল স্ট্রিপের পক্ষেই বোধহয় সম্ভব। আর এর প্রমাণ তিনি তাঁর অভিনয় জীবনের শুরু থেকেই দিয়ে আসছিলেন। ১৯৭৯ সালে ‘ক্রেমার ভার্সাস ক্রেমার’ দিয়ে তিনি অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। বয়স যে অভিনয়ে পরিপক্বতা এনে দেয়, ২০১২ সালে এসে আবারও প্রমাণ করেছেন তিনি। শুরুটা কিন্তু তাঁর জন্যও সহজ ছিল না। অবশ্য সিনেমা বোদ্ধারা বলেন, তাঁর অভিনয় সব সময়ই কথা বলেছে, তাঁকে প্রমাণের দরকার হয়নি।১৯৪৯ সালের ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। মেরিল স্ট্রিপ নামে তাঁকে সবাই চিনলেও তাঁর পুরো নাম হচ্ছে ‘মেরি লুইস মেরিল স্ট্রিপ’। চিত্রকর মেরি উলফ আর ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাবা হ্যারি উইলিয়াম স্ট্রিপের ঘরে জন্ম নেওয়া মেরিল পেশাদার মঞ্চশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি অভিনয় নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসাই তাঁকে নিয়ে এসেছে এতটা পথ। মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা ঝুলিতে থাকলেও মেরিলের চলচ্চিত্রে আসতে দেরি হয়েছিল বেশ। তিনি নাকি দেখতে সুন্দর ছিলেন না! সে সময় এ কথাই এক পরিচালক তাঁর উদ্দেশে বলেছিলেন। মেরিল স্ট্রিপ তাঁর সৌন্দর্য দেখিয়ে দিতে খুব বেশি সময় নেননি। অসাধারণ অভিনয় দিয়েই জয় করেছেন চলচ্চিত্রকে। এরই প্রতিফলন দেখা গেছে মেরিল স্ট্রিপ অভিনীত ছবিগুলোতে। চলচ্চিত্রের দর্শক, সমালোচক আর বোদ্ধারা তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন। সর্বশেষ উদাহরণ ৬০ বছর বয়স পেরিয়ে এসেও অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয়; তা-ও লৌহমানবীর লৌহকঠিন চরিত্রে অভিনয় করে।১৯৭৭ সালে তিনি জুলিয়া ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। ছোট একটি চরিত্র ছিল সেটি। কিন্তু তাতেই তিনি মন কেড়েছিলেন সবার। ১৯৭৮ সালে ‘দ্য ডিয়ার হান্টার’ ও ১৯৭৯ সালে ক্রেমার ভার্সাস ক্রেমার দুটি অস্কার এর মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ক্রেমার ভার্সাস ক্রেমার তাঁকে প্রথমবার এনে দিয়েছিল অস্কার পুরস্কার। আশির দশকের পর থেকে মেরিল স্ট্রিপ অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্ট, সোফি’স চয়েজ, সিল্ক উড, আউট অব আফ্রিকা, এ ক্রাই ইন ডার্ক প্রভৃতি।মেরিলের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি কণ্ঠশিল্পী। গায়িকা হিসেবেও ১৫ বার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি। ২০১০ সালে হার্ভার্ড ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও দেওয়া হয়েছে তাঁকে। আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস থেকেও পুরস্কৃত হয়েছেন তিনি।১৭ বার অস্কারের মনোনয়ন আর তিনবার অস্কার পুরস্কার পাওয়া মেরিল স্ট্রিপ সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়ে বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখনই প্রথম মনোনয়ন পেয়েছিলাম। আবার অস্কার পাব, এ আশা ছিল না। তবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আমার নাম যখন ঘোষিত হলো তখন আমার পুরো জীবনের ছবি চোখের সামনে ভেসে উঠল। আমার কাছে মনে হলো পুরো আমেরিকা যেন বলে উঠল, এগিয়ে যাও।’