মেলা থেকে ফিরে
মেলায় ঢুকতেই এক তরুণীর সঙ্গে দেখা। শজনে-লতার মতো। বলল, ‘আপনাকে শ্রদ্ধা করি, মা-ও আপনার গান খুব পছন্দ করেন। কয়েকটি বই কিনব।’ সঙ্গ ছাড়ল না সে। কিনে দিলাম সেলিনা হোসেন, হাসনাত আবদুল হাই ও শওকত আলী। বাংলাভিশন সেদিনই বিকেলে বইমেলার ওপর অনুষ্ঠান শুরু করল আমাকে দিয়ে। বললাম, চিত্তরঞ্জনের সেই বইমেলা এখন ব্যাপ্তি পেয়েছে, মেলার সাজেই বইয়ের দিকে ঝুঁকেছে বাঙালিরা, এটাই লাভ। দিন আসবে যখন, আমাদের লেখকদের দেখতে ভিড় করবে পৃথিবীর মানুষ। আজ তার প্রস্তুতিপর্ব।১০-১২ বছরের একটি ছেলের ধারণা, রবীন্দ্রনাথ ও শরৎ চন্দ্রকেও পাওয়া যাবে এই মেলাতে। মেলার আসল আকর্ষণ পূর্বসূরিরা। তাঁদের বই পড়ো, বোঝার চেষ্টা করো। প্রতি স্টলে কত নতুন বই, আকর্ষণীয় বইয়ের মলাট। ধ্রুব এষ ৬০০টি মলাট আঁকাতে ব্যস্ত, দাড়িতে চিরুণি পড়ে না, নাওয়া-খাওয়াও ভুলে গেছে। কয়েক লাখ টাকা আসার কথা, বন্ধু-বান্ধব কথা রাখবে না, তাতে কম পড়ল ছয় লাখ। যে টাকাটা ঘরে আসবে, তার সিংহভাগ যাবে গরিব আত্মীয়স্বজনের কাছে। এমন একজন ধ্রুবের জীবন নিয়েই লেখা যেতে পারে একটি উপন্যাস। মাসুক হেলাল সারা দিন ছবির মলাট আঁকছেন। তাঁর লেখা পাঠ করে অবাক হয়ে গেলাম আঁকা চরিত্রগুলোর ভেতরের কথা শুনে। এমনটি লিখতেন আরেকজন। তিনি চিত্রগ্রাহক নাসির আলী মামুন।একজন সংস্কৃতিকর্মী বললেন, ব্যাপারটা ‘অরুচিকর’। বললাম, বেশ তো ছিমছাম, নিকোনো পরিপাটি, কোথাও নেই কোনো ক্রন্দন। কর্মী বললেন, এতটুকু জায়গায় মানুষের সমাগম বড্ড ‘সাফোকেটিং’। নিজেকে প্রকাশ করার উৎ সাহে দলে দলে লেখক উপস্থিত সম্ভার নিয়ে। পোস্টারে, হ্যান্ডবিলে, ডিজিটাল ব্যানারে নতুনের আগমনবার্তা। লেখক স্টলে প্রতিষ্ঠিত লেখকেরা অনুপস্থিত। তারা ‘সবাই গেছে বনে’। বড় মনের লেখকের কাছে প্রাপ্তিও বড়। জীবনকে দেখেছেন, জানেন এখান থেকে কী পাওয়া যায়, কীভাবে জীবনকে উন্নত স্বাদের সন্ধান দেওয়া যায়। পৃথিবী লেখকদের পেছনে। জালালউদ্দিন রুমি থেকে শুরু করে প্রাচ্যের বড় মনীষীরা তাঁদের চিন্তার রাজ্যের সঙ্গী।আমার সঙ্গে যে ঘুরছিল, তাকে আর বলা হয়নি আমিও একজন ক্ষুদ্র লেখক।মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য ও সংগীত ব্যক্তিত্ব