মেলা হবে শুধুই প্রকাশকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার দ্বার উন্মোচনের সঙ্গে সঙ্গে শিশু-কিশোরদের নিয়ে বাংলা একাডেমীর সাংস্কৃতিক কার্যক্রমও শুরু হয়েছিল গতকাল শনিবার। এর আগে হয়ে গেছে আবৃত্তি ও ছড়াগানের প্রতিযোগিতা। গতকাল হলো সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতার প্রাথমিক পর্ব। সাধারণ জ্ঞানে ১০৭ জন অংশ নেয়। উপস্থিত বক্তৃতায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ষড়্ঋতুসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগী ছিল ২৮ জন। প্রতিযোগিতার ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি; বিজয়ীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা হবে ১৮ ফেব্রুয়ারি।শুক্রবারের মতো নয়, তবে অন্যান্য দিনের চেয়ে গতকাল মেলায় অনেক বেশি লোকসমাগম ঘটেছিল। প্রকাশকেরা জানিয়েছেন, বিক্রিও ছিল বেশ ভালো।সেমিনারকক্ষে আলোচনা ছিল বেলা ১১টায়। ‘অমর একুশে’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুবুল হক, সভাপতিত্ব করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী; আলোচনা করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, রফিকউল্লাহ খান ও সৌভিক রেজা।অনলাইনে মেলার কার্যক্রমএখন থেকে মেলা মঞ্চের অনুষ্ঠান, আলোচনা, সেমিনারসহ নতুন বইয়ের তথ্য, সংবাদ বিজ্ঞপ্তি সবই সরাসরি পাওয়া যাবে অনলাইনে। গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একাডেমীর ওয়েবসাইট www.banglaacademy.org.bd-তে এসব তথ্য পাওয়া যাবে।সাংস্কৃতিক সংগঠনকে স্টল দেওয়া হবে নাঅমর একুশের গ্রন্থমেলা শুধুই প্রকাশকদের মেলায় পরিণত করতে উদ্যোগ নিচ্ছে বাংলা একাডেমী। এ জন্য আগামী বছর থেকে সাংস্কৃতিক সংগঠনকে কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। গতকাল বিকেলে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।মহাপরিচালক জানান, মেলার স্টল বরাদ্দ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসে। মেলাকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে এই একাডেমীকে চাপমুক্ত হতে হবে। প্রকাশক ছাড়া অন্যদের স্টল বরাদ্দ না দেওয়ার নীতিতে হতে হবে অনমনীয়।শামসুজ্জামান খান বলেন, এ মেলায় যেহেতু মূলত বাংলা ভাষার বই-ই প্রকাশিত হয়, সে কারণে আন্তর্জাতিক মেলায় পরিণত করা সম্ভব নয়। তবে আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টির জন্য মেলার কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। আগামী বার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন ফ্রান্স, তুরস্ক বা জার্মানির কোনো নোবেলজয়ী সাহিত্যিক। মোড়ক উন্মোচননজরুল মঞ্চে বিকেল থেকে মোড়ক উন্মোচনের পালা শুরু হয়েছিল। গতকাল ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে রবীন্দ্র সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে মূর্ধন্য থেকে প্রকাশিত ১০টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন সন্জীদা খাতুন। এ ছাড়া দুরন্ত পাবলিকেশন থেকে প্রকাশিত শিল্পী ফকির আলমগীরের যারা আছেন হূদয়পটে বইটির মোড়ক উন্মোচন করেন আ আ ম স আরেফিন সিদ্দিক। আলীগড় থেকে প্রকাশিত শাকিনা খান সিদ্দীকার ছন্দায়িত আমপারার মোড়ক উন্মোচন করেন বিচারপতি আমিরুল কবির চৌধুরী।নতুন বইনতুন বইয়ের তালিকায় তথ্যকেন্দ্রে ছিল ১৮৬টি নাম। প্রথমার স্টলে নতুন বই ছিল শুক্রবারে আসা আনিসুল হকের উপন্যাস যারা ভোর এনেছিল। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লেখা এ উপন্যাস সংগ্রহ করতে বিপুল ক্রেতার সমাগম ছিল স্টলের সামনে। বিক্রয় প্রতিনিধিরা জানালেন, বিক্রি হয়েছে খুব ভালো।অন্য নতুন বইয়ের মধ্যে আছে গদ্য-পদ্য থেকে আবুল আহসান চৌধুরীর লোকসংস্কৃতি-বিবেচনা ও অন্যান্য প্রবন্ধ, রোদেলা থেকে বিশ্বজিৎ ঘোষের প্রবন্ধ পাঠ-পুনঃপাঠ, অন্যপ্রকাশ থেকে ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস হলিউডের হইচই সাহেব, কালি ও কলম থেকে হাসান আজিজুল হকের প্রবন্ধ লোকযাত্রা আধুনিকতা সাহিত্য, একুশে বাংলা থেকে আল মাহমুদের গল্প নীল নাকফুল, কৃষ্ণচূড়া থেকে করুণা বড়ুয়ার প্রতিবন্ধীবিষয়ক বুদ্ধিপ্রতিবন্ধীদের কল্যাণে ভাবনা, অন্যধারা থেকে এ এফ এম আসাদুজ্জামান চৌধুরীর বিপণন সাফল্যবিষয়ক ইউ ক্যান সেল, সিসটেক থেকে মাহবুবুর রহমানের কম্পিউটারবিষয়ক মাইক্রোসফ্ট প্রজেক্ট। শুদ্ধস্বর থেকে ওয়াসি আহমেদের গল্প কালাশনিকভের গোলাপ, হামিদ কায়সারের উপন্যাস বুকের ভিতর এক বন আছে, মাসুদা ভাট্টির প্রবন্ধ গণতন্ত্রের সরল পথে বাংলাদেশ। ঐতিহ্য থেকে ড. মাহবুবার রহমানের নিসর্গবিষয়ক গাছ নিয়ে কথকতা, জাগৃতি থেকে আবুল হোসেন খোকনের মুক্তিযুদ্ধবিষয়ক জনযুদ্ধের দিনগুলি, পাঠসূত্র থেকে কুমার চক্রবর্তী অনূদিত নোবেলজয়ী কবি টোমাস ট্রান্সট্রোমারের স্মৃতির চাহনি: একটি স্মৃতিলেখ, আদিগন্ত থেকে বিজ্ঞানবিষয়ক কিশোর গ্রন্থ বিদ্যুতের কাহিনি, কাশবন থেকে হাসান হাফিজের রম্য সত্যি সেলুকাস!, খোশরোজ থেকে মোহাম্মদ আলীর আইনবিষয়ক পুলিশ-এর পেশাদারি কার্যপদ্ধতি ও সহায়ক আইনে সারসংক্ষেপ, শিখা থেকে আসলাম সানীর কবিতা আমি ঢাকার ঢাকা আমার, গদ্য-পদ্য থেকে ইমতিয়ার শামীমের গল্প পাখিরা নাচবে না আর এবং শুভ্র থেকে আহমেদ রিয়াজের কিশোর উপন্যাস ট্যালেন্ট ক্লাব।মঞ্চেমেলা মঞ্চে গতকাল বিকেলের নিয়মিত অনুষ্ঠানে ছিল ‘প্রবাসে একুশে উদ্যাপন এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চা’ বিষয়ে আলোচনা। প্রবন্ধ পড়েন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আলোচনা করেন সুলতানা আজিম, ইসহাক কাজল, গোলাম মোস্তফা ও বিশ্বজিৎ সাহা। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শেষে ছিল দেশাত্মবোধক গান।