মেলাকে সাংস্কৃতিক বলয়ের মধ্যে ঠাঁই দেওয়া যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ তো আমাদের মর্মমূলে গেঁথে আছে। আত্মপরিচয়, আত্মসম্মানবোধ এবং বাঙালি সংস্কৃতির প্রতি মমত্ববোধ উসকে দিয়েছিল একুশ। সেই থেকে একুশ আমাদের সবকিছুর প্রেরণা। পাকিস্তান আমল থেকেই আমাদের আঁকাআঁকি, লেখালেখির একটা গুণগত পরিবর্তন এনে দিয়েছিল একুশ। হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশের সংকলন-এ আমরা একঝাঁক শিল্পী-সাহিত্যিকের নতুন চেতনাবোধ প্রত্যক্ষ করি। সেই সময় থেকে প্রতি একুশেতে শত শত সংকলন প্রকাশিত হতো লেখা ও আঁকা নিয়ে সারা বাংলাদেশ থেকে। শহীদ মিনারের পাদদেশে, সামনের ফুটপাতে বিছিয়ে সেই সংকলনগুলো বিক্রি হতো। পত্রিকার বিশেষ ক্রোড়পত্র তো থাকতই। আরও থাকত শিল্পীদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম সমসাময়িক সবাই। নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে প্রচ্ছদ, ভেতরের সজ্জা, হরফ নির্বাচন—সবই করে দিতাম একটি সুন্দর সংকলনের জন্য। এই সংকলনগুলো শহীদ মিনারের পাদদেশে বিক্রি হতো। আমার ধারণা, এটাই ছিল একুশের বইমেলার প্রথম বীজ রোপণ। এই সংকলনগুলোর প্রকাশনা কালের প্রবাহে অনিয়মিত হয় এবং একসময় তা লুপ্ত হয়ে যায়। সে স্থান দখল করে নেয় পুস্তক প্রকাশনা। সংকলনগুলোর কী সুন্দর সুন্দর নাম হতো—বিদ্রোহী বর্ণমালা, আমার সোনার হরিণ চাই, জয়ধ্বনি, সাহসের ঝড়, আমি তোমাদেরই লোকসহ আরও কত অজস্র থোকা থোকা নাম। মনে আছে, চট্টগ্রাম থেকে প্রয়াত শিল্পী রশিদ চৌধুরীর পরিকল্পনায় বেরিয়েছিল কাক নামে একটি সংকলন। কালো রঙের প্রচ্ছদে কী অপূর্ব সাজগোজ তার! ভুলতে পারি না। চিত্রকরদের আঁকা নিয়ে ভাষাভিত্তিক ছবির অ্যালবামও প্রকাশিত হতো। একুশেকে কেন্দ্র করে পুস্তক প্রকাশ ও বিক্রির মুখ্য ভূমিকা ছিল প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহার। তিনিই বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের অনুষ্ঠানে মাদুর পেতে বই সাজিয়ে রাখলেন, যত দূর মনে পড়ে, সত্তরের দশকের শেষ পাদে। সেই সাজানো সামান্য বইয়ের প্রদর্শনী থেকে আজকের একুশের বইমেলা মহীরুহ রূপ ধারণ করেছে। পথিকৃৎ চিত্তরঞ্জন সাহাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আরও একটি বিষয়ের জন্য চিত্তবাবু স্মরণীয় হয়ে থাকবেন—একুশের সংকলনগুলোর প্রকাশনাকে উৎ সাহিত করার জন্য বিশেষ করে প্রকাশনার সৌন্দর্য, তার নান্দনিকতা, মুদ্রণসৌকর্য এবং শ্রেষ্ঠ রচনার জন্য মুক্তধারার পক্ষ থেকে পুরস্কার প্রবর্তন। এ পুরস্কার শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, মফস্বলের প্রকাশকেরাও পুরস্কৃত হতেন।বইমেলা ধীরে ধীরে প্রসারিত হলো। স্টল তৈরির ব্যবস্থা হলো। প্রকাশকেরা স্টলে বই সাজিয়ে মেলার শ্রীবৃদ্ধি ঘটানোর প্রয়াস চালালেন। একসময় বন্ধু গাজী শাহাবুদ্দিন আহমদ তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান সন্ধানী প্রকাশনীর স্টল খুললেন। সাপ্তাহিক সচিত্র সন্ধানী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। জড়িয়ে পড়লাম স্টল তৈরি এবং সাজানোর কাজে। মেলার মাঠে বইয়ের স্টল কেমন হওয়া উচিত, এ প্রশ্ন থেকে স্টলকে বাংলাবাজারের গুদাম বানানো থেকে বিরত রাখার জন্য নতুন কিছু দেওয়ার ভাবনা মাথায় ঘুরপাক খেতে লাগল। স্থাপত্য ভাবনার সঙ্গে বই এবং লেখকের সর্বোৎ কৃষ্ট উপস্থাপনা, পাঠক-ক্রেতাকে আকৃষ্ট করার নানান ফন্দি-ফিকির বাস্তবায়ন করার চেষ্টায় ব্যাপৃত হলাম। স্টলের আলোকসজ্জা কী হবে, সদ্য প্রকাশিত বইয়ের প্রচ্ছদের উপস্থাপনায় কী করা যেতে পারে, সেই সঙ্গে লেখকের মুখচ্ছবি আলোকিত করার ব্যবস্থা—চমক সৃষ্টি করতে পেরেছি বৈকি! শ্রেষ্ঠ স্টলের পুরস্কার সন্ধানী প্রকাশনী অনেকবার পেয়েছে। দৈনন্দিন রুটিন ছিল স্টলে বসে লেখকদের সঙ্গে আড্ডা দেওয়ার, কফি পান করার। তারও ব্যবস্থা করতে হয়েছে। প্রচ্ছদ আঁকা, ইলাস্ট্রেশন করা—এগুলো তো ছিলই। এখন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারি না, মেলা চলাকালেও যাওয়া হয় না কাজের চাপে। কাজ যে চুটিয়ে করি তাও না—সময় দিতে হয়। দুটো সময় একসঙ্গে মেলাতে পারি না। মেলায় যেতে পারি না বলে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে ওঠে না। খবরের কাগজ মারফত জেনে যাই কারা কী লিখেছেন, নতুন কী বই বেরোল। সত্যি কথা বলতে কি, মেলায় যেতে উৎ সাহ পাই না, স্টলগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই। একই রকম সাজসজ্জা, স্টলে প্রকাশিত কোনো বইয়ের প্রতি বিশেষ কোনো দৃষ্টি নেই। এত বড় একটি মেলা, যে মেলায় কোনো প্যাভিলিয়ন নেই। বাংলা একাডেমীর যে প্যাভিলিয়ন আছে, সেটাও গুদামঘর। নতুনত্ব কিছুই নেই। শুধু মেলায় প্রবেশপথ ও নির্গমন পথের সাজসজ্জায় শিল্পী ও স্থপতিরা চেষ্টা করেন নতুন কিছু করার। স্টলের সংখ্যা বাড়ছে। বাড়ছে দর্শক-পাঠকসংখ্যা। স্থান সংকুলান একটি বিরাট সমস্যা। সাংস্কৃতিক বলয়ের কাঠামোর মধ্যে মেলাকে কীভাবে স্থান করে দেওয়া যায়, এ ব্যাপারে ভাবতে হবে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে সমস্যার সমাধান করা আশু কর্তব্য। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলা একাডেমী, বাংলা একাডেমীকে কেন্দ্র করে বইমেলা।কাইয়ুম চৌধুরী: শিল্পী।