মেলাতেই মেলে এশিয়ানের কাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান টেক্সটাইলের কাপড় বাংলাদেশের কোনো বাজারেই বিক্রি হয় না। দেশে কোথাও তাদের কোনো ধরনের শোরুম নেই, নেই ডিলার। দেশীয় এ প্রতিষ্ঠানটির উত্পাদিত কাপড়ের পুরোটাই রপ্তানি হয় বিদেশে। কেবল বাণিজ্য মেলায় বাংলাদেশের বাজারে কাপড় বিক্রি করে তারা। তাই এ সময় যারা ভালো মানের কাপড় দিয়ে তৈরি পোশাক পরতে চায়, তারা এসে জমায়েত হয় এশিয়ান টেক্সটাইলের ‘স্পেশাল’ প্যাভিলিয়নে। নিজের জন্য তো নেয়-ই, পরিবারের অন্য সবার জন্যও সারা বছরের প্রয়োজনীয় কাপড় একবারে কিনে নিয়ে যায় তারা। তাই এশিয়ান টেক্সটাইলের প্যাভিলিয়নে ঢুকে কাউকে ১০-১২ হাজার টাকার থান কাপড় কিনে দাম মেটাতে দেখলে কিন্তু অবাক হবেন না। এশিয়ান টেক্সটাইলের ৪৬ হাজার ডিজাইনের কাপড়ের মধ্যে থেকে চাইলে নিজের জন্যও বেছে নিতে পারেন পছন্দসই কিছু। কেননা বিদেশি কাপড় বিদেশি কাপড় করে যারা মুখে ফেনা তুলে ফেলে, তাদের অনেকেরই হয়তো জানা হয় না, দেশের কাপড়েই এই মাহাত্ম্য।